All India Football Federation: গত কয়েক দশকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ভারতীয় ফুটবলের অগ্রগতি ও উন্নয়ন না হওয়ার জন্য অনেকেই ফেডারেশনকে দায়ী করেছেন। এখনও সরকারিভাবে নতুন মরসুমের সূচি ঘোষণা করতে পারেনি এআইএফএফ। তবে মঙ্গলবার ভারতীয় ফুটবলের নতুন মরসুমের ক্যালেন্ডার নিয়ে জল্পনা শুরু হয়েছে।
KNOW
Indian Football News: জুলাইয়ের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে সর্বভারতীয় ফুটবল মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup 2026-27)। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে ১ সেপ্টেম্বর শুরু হতে পারে আইএসএল (Indian Super League 2026-27)। নতুন মরসুমের আইএসএল চলতে পারে ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত। গত মরসুমে দীর্ঘদিন পর ফেডারেশন কাপ (Federation Cup) হওয়ার কথা থাকলেও, এই টুর্নামেন্ট হয়নি। নতুন মরসুমে ফেডারেশন কাপ হতে পারে। আইএসএল শেষ হওয়ার পর ২০২৭ সালের ২০ এপ্রিল শুরু হতে পারে ফেডারেশন কাপ। ১০ মে পর্যন্ত চলতে পারে এই টুর্নামেন্ট। ৯ অক্টোবর শুরু হতে পারে ইন্ডিয়ান ফুটবল লিগ (Indian Football League 2026-27)। ইন্ডিয়ান উইমেনস লিগ (Indian Women's League 2026-27) শুরু হতে পারে ৩ সেপ্টেম্বর। এই লিগ চলতে পারে ২০২৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।

ক্যালেন্ডার নিয়ে জটিলতা
গত মরসুমে আইএসএল হবে কি না, সে বিষয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত আইএসএল আয়োজন করা সম্ভব হলেও, ডাবল লেগ হয়নি। তবে নতুন মরসুমে সবকিছু ঠিকঠাক থাকলে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হতে পারে আইএসএল। এক দশক পর ফেডারেশন কাপ হলে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে ভালো বিষয় হতে পারে। তবে এআইএফএফ যতদিন পর্যন্ত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার না ঘোষণা করছে, ততদিন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়।
বিদেশি কোচ-ফুটবলারদের নিয়ে অনিশ্চয়তা
এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ইস্টবেঙ্গল ছাড়ার কথা ঘোষণা করেছেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)। কয়েকজন বিদেশি ফুটবলারও ইস্টবেঙ্গল ছাড়তে পারেন বলে জল্পনা চলছে। এমনকী, ইনভেস্টর সংস্থা ইমামিও (Emami) সরে যেতে পারে। শুধু ইস্টবেঙ্গলই নয়, আইএসএল-এর অন্য দলগুলির ক্ষেত্রেও একইরকম সমস্যা দেখা যাচ্ছে। এআইএফএফ-এর জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু তারপরেও কল্যাণ চৌবে (Kalyan Chaubey) পরিচালিত সংস্থার কোনও হেলদোল দেখা যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


