Indian Football Team: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে অকল্যান্ডে পৌঁছল ভারতীয় পুরুষ ফুটবল দল। দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী হেড কোচ খালিদ জামিল। নর্থ হারবার স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দল।

Indian Football Team: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সোমবার, গভীর রাতে অকল্যান্ডে পৌঁছল ভারতীয় পুরুষ ফুটবল দল (Indian Football Team)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওয়েবসাইট অনুযায়ী, এই প্রথমবার ব্লু টাইগার্সরা এই দেশে খেলতে গেল। ৮ নভেম্বর মাঝরাতে বেঙ্গালুরু থেকে রওনা দেয় দল। কুয়ালালামপুর হয়ে তারা নিউ জিল্যান্ডের সবথেকে বড় শহর অকল্যান্ডে পৌঁছয়। স্থানীয় সময় রাত ১১.৩০-এ (ভারতীয় সময় বিকেল ৪টে) দীর্ঘ যাত্রা শেষ করে তারা সেখানে নামে। অকল্যান্ডে পৌঁছনোর পর, হালকা ঠান্ডার আমেজ ছিল। তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় সামান্য বৃষ্টিও হয়। গভীর রাতে রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, শান্ত একটা পরিবেশ। টিম বাসের মধ্যে অবশ্য অন্য ছবি ছিল। দীর্ঘ যাত্রার পরও ফুটবলারদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ ছিল না। বরং, ম্যাচের জন্য তারা বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন।

দলের প্রস্তুতি ও অনুশীলন

দলের হেড কোচ খালিদ জামিল বলেন, “আমাদের যাত্রা বেশ ভালোই হয়েছে। ফুটবলাররা ফিট ও প্রস্তুত আছে। আমরা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এই প্রথমবার ভারতীয় দল নিউ জিল্যান্ডে এল, তাই এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। আমরা ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি।” তিনি আরও বলেন, “আবহাওয়া কোনো সমস্যা নয়। ফুটবলাররা ভালোভাবে মানিয়ে নিচ্ছে। আমরা আমাদের অনুশীলন ও প্রস্তুতির উপর জোর দিচ্ছি।” মঙ্গলবার সকালে, ব্লু টাইগার্সদের অ্যাক্টিভেশন সেশন দিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এরপর স্থানীয় সময় বিকেল ৪টেয় নর্থ হারবার স্টেডিয়ামে সান্ধ্য অনুশীলন করবে দল। প্রথম ম্যাচের আগের দিন, গো মিডিয়া স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুশীলন করবে দল। এখানেই ম্যাচটি খেলা হবে।

পুরনো রেকর্ড এবং ম্যাচের সময়সূচি

২০১৮ সালে, মুম্বইয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত ১-২ গোলে হারলেও, টুর্নামেন্ট জিতেছিল। এই শতাব্দীতে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার দুই দেশ মুখোমুখি হতে চলেছে। এর আগে ১৯৮১ সালে মালয়েশিয়ায় মেরডেকা টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। বিপক্ষের শক্তি এবং অ্যাওয়ে ম্যাচ খেলার চ্যালেঞ্জ স্বীকার করে নিয়ে, খালিদ জামিল নিউ জিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের মাঠে এসে দলকে সমর্থন করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমি জানি এখানে অনেক ভারতীয় সমর্থক আছেন। আমি তাদের মাঠে এসে দলকে সমর্থন করার অনুরোধ করছি। তাদের সমর্থন আমাদের কাছে খুব জরুরি, আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।আগের উইন্ডোতে আমরা তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছিলাম, আর এখন নিউ জিল্যান্ডের মতো আরেক শক্তিশালী প্রতিপক্ষ আমাদের সামনে। তবে এবার আমরা অ্যাওয়ে ম্যাচ খেলছি, তাই এটা আমাদের কাছে একটা আলাদা পরীক্ষা। আমাদের তৈরি থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং দুই ম্যাচেই সেরাটা দিতে হবে।”

প্রথম ম্যাচটি বৃহস্পতিবার, ১২ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭.১০-এ (ভারতীয় সময় সকাল ১১.৪০) শুরু হবে। এরপর ব্লু টাইগার্সরা দক্ষিণ দ্বীপের ক্রাইস্টচার্চে যাবে। সেখানে ১৫ নভেম্বর, রবিবার স্থানীয় সময় বিকেল ৪.১০-এ (ভারতীয় সময় সকাল ৮.৪০) ওয়ান নিউ জিল্যান্ড স্টেডিয়ামে অল হোয়াইটসের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।