Indian Hockey Team ভারতীয় হকিতে রঙ বদল। এতদিনের চেনা 'ম্যান ইন ব্লু' বা নীল জার্সি ছেড়ে এবার নতুন রূপে বিশ্বমঞ্চে নামতে চলেছে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। আসন্ন FIH হকি বিশ্বকাপে ভারতীয় হকি জাতীয় দলকে দেখা যাবে তেরঙার প্রথম রঙ, গেরুয়া জার্সিতে।

Indian Hockey Team: ভারতীয় হকিতে রঙ বদল। এতদিনের চেনা 'ম্যান ইন ব্লু' বা নীল জার্সি ছেড়ে এবার সম্পূর্ণ নতুন রূপে বিশ্বমঞ্চে নামতে চলেছে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। আসন্ন এফআইএইচ (FIH) হকি বিশ্বকাপে ভারতীয় হকি জাতীয় দলকে দেখা যাবে তেরঙার প্রথম রঙ, গেরুয়া জার্সিতে। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে হকি ইন্ডিয়ার (HI) এই আকস্মিক সিদ্ধান্তে জোর চর্চা শুরু হয়েছে দেশজুড়ে। তবে সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে নিজেদের এই ঐতিহাসিক পদক্ষেপের সপক্ষে জোরালো সওয়াল করেছে দেশের সর্বোচ্চ হকি নিয়ামক সংস্থা। ভারতীয় হকি সংস্থার বক্তব্য, বিশ্বকাপে ব্যবহার হতে চলা নীল রঙের টার্ফের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থেকেই জার্সির রঙ গেরুয়া করা হয়েছে।

১৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ

আগামী ১৪ অগাস্ট থেকে বেলজিয়াম-নেদারল্যান্ডসে আয়োজিত হতে চলা বিশ্বকাপে খেলোয়াড়দের মূল পোশাক বা 'প্রাইমারি কিট' হিসেবে এই গেরুয়া জার্সি ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র পুরুষ ও মহিলা, উভয় দলের জন্যই কার্যকর হবে এই নতুন নিয়ম। বেশ কিছু দিন ধরেই ভারতীয় হকি দলের ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল আইডেন্টিটি পুনর্গঠনের পরিকল্পনা করছিল ফেডারেশন। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে এই নকশায় সিলমোহর দেওয়া হয়।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়াপ্রেমীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকদের একাংশ যেমন ঐতিহ্যবাহী নীল জার্সি বদলে যাওয়ায় স্মৃতিমেদুর ও কিছুটা হতাশ, তেমনই বহু সমর্থক এই নতুন 'গেরুয়া লুক'-কে ভারতীয় সংস্কৃতির সাহসী ও গর্বের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছেন। বিতর্কের জবাবে হকি ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট জানান,''এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ভুল। গেরুয়া আমাদের জাতীয় পতাকার অন্যতম প্রধান রঙ, যা ত্যাগ, শৌর্য ও ভারতের অদম্য চেতনার প্রতীক। বিশ্বমঞ্চে নিজেদের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যকে তুলে ধরা প্রত্যেক ক্রীড়াবিদের জন্য গর্বের বিষয়। নীল রঙের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু দলকে বিশ্বমঞ্চে এক নতুন ও সতেজ পরিচয় দিতেই এই পরিবর্তন।''

গেরুয়া জার্সিতে টিম ইন্ডিয়া

উল্লেখ্য, অতীতে দু-একটি ঘরোয়া বা বিশেষ প্রদর্শনী ম্যাচে ভারতীয় দলকে গেরুয়া জার্সিতে দেখা গেলেও, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মেগা ইভেন্টে মূল পোশাক হিসেবে এটিই প্রথম। নতুন এই জার্সিতে জাতীয় পতাকার অন্যান্য উপাদানও সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আয়োজিত প্রস্তুতিমূলক (ওয়ার্ম-আপ) ম্যাচেই প্রথমবার এই গেরুয়া কিট পরে মাঠে নামবেন ভারতীয় খেলোয়াড়রা।