Lords Test: ইতিহাস গড়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে এই প্রথম ঐতিহ্যের লর্ডসে টেস্ট ম্যাচ জিতে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা।
Lords Test: ইতিহাস গড়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) টেস্ট জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে এই প্রথম ঐতিহ্যের লর্ডসে টেস্ট ম্যাচ জিতে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা। লর্ডসের গ্য়ালারিতে বসে ভারতীয় মহিলা দলের টেস্ট জয় উপভোগ করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৯৭৬ সাল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে খেলছে। লর্ডসে প্রথমবার টেস্ট খেলার সুযোগ পেয়েই ইতিহাসে নাম লেখালেন ভারতীয় মহিলারা। স্মৃতি মন্ধনা, ক্রান্তি গৌড়,যশ্তিকা ভাটিয়া, রিচা ঘোষদের সৌজন্যে লর্ডস জয় করা হয়ে গেল হরমনপ্রীতদের। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৩ জুলাই দিনটি।

গতকালই জয়ের মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল
গতকাল, রবিবারই জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিলেন হরমনপ্রীতরা। জিততে হল আজ, টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের চার উইকেট তোলার দরকার ছিল। ৬ উইকেটে ১৩০ রান থেকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ইংল্য়ান্ড মহিলা দলের ইনিংস শেষ হয় ১৮৬ রান। এদিন ২১ ওভারের মধ্যে ইংল্য়ান্ডের শেষ চারটি উইকেটের পতন হয়। এদিন চতুর্থ দিনের খেলার শুরুতেই ইংল্য়ান্ডের অ্যামি জোন্স (৫৪)-কে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন স্নেহ রানা।
লর্ডসে দলগত সংহতির জয়
ভারতের ২৮৫ রানের জবাবে ইংল্য়ান্ড মহিলা দলের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানেই শেষ হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করে ভারতীয় মহিলা দল ৭ উইকেটে ৩৪১ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। ইংল্য়ান্ডকে জিততে হলে চতুর্থ ইনিংসে ৪৫৭ রান করতে হত। শেষ পর্যন্ত ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস ১৮৬ রানে শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ৫ উইকেট সহ লর্ডস টেস্টে মোট ৭ উইকেট তুলে নিয়ে ম্য়াচের সেরা হন ক্রান্তি গৌড়। প্রথম ভারতীয় মহিলা বোলার হিসেবে লর্ডস টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন অন্ধ্র প্রদেশের ২২ বছরের পেসার ক্রান্তি।
একের পর এক নজির
দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে লর্ডস টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হওয়ার নজির গড়েন যস্তিকা ভাটিয়া। দুই ইনিংস মিলিয়ে ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা করেন ১৫৩ রান (৮৩, ৭০)। প্রথম ইনিংসে ভাল খেলেন হরমনপ্রীত কৌর (৫৮) ও দীপ্তি শর্মা (৫৭)। বাংলার মেয়ে রিচা ঘোষ দ্বিতীয় ইনিংসে ৫০ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে স্নেহ রানা ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট তুলে নেন সায়ালি সাতঘারে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা।


