Durand Cup 2026: ডুরান্ড কাপ আয়োজক কমিটি যা চাইছিল ঠিক সেটাই হল। এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC vs Mohun Bagan Super Giant)। এবার ফাইনালেও এই দুই দল পৌঁছে গেল। ফলে রবিবার ফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
KNOW
Mohun Bagan Super Giant vs NorthEast United FC: গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার শিলংয়ে বৃষ্টিভেজা মাঠে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। ফলে ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে যথারীতি সবুজ-মেরুন ব্রিগেডের রক্ষাকর্তা হয়ে ওঠেন গোলকিপার বিশাল কাইথ। তিনি গুরুত্বপূর্ণ শট সেভ করে দেন। ফলে ৪-৩ জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। কোয়ার্টার-ফাইনালে জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে সাডেন ডেথে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচেও দলকে জয় এনে দেন বিশাল। সেমি-ফাইনালেও তিনিই ত্রাতা হয়ে উঠলেন। শিলংয়ে নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এই ম্যাচ জিতে মোহনবাগান সুপার জায়ান্টের আত্মবিশ্বাস বেড়ে গেল।
ফাইনালে কলকাতা ডার্বি
রবিবার সন্ধেবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফাইনাল। বুধবার প্রথম সেমি-ফাইনালে স্পোর্টিং ক্লাব দিল্লিকে (Sporting Club Delhi) টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। দ্বিতীয় সেমি-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জয় পাওয়ায় ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby) হতে চলেছে। এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার ফাইনালে বদলা নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে লাল-হলুদ শিবির। অন্যদিকে, ফের জয় পাওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন ব্রিগেড।
ফাইনালে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট
ডুরান্ড কাপ ফাইনালের আগে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঝমাঠে দু'দলেরই শক্তি প্রায় সমান। তবে রক্ষণ ও আক্রমণে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইস্টবেঙ্গল দলে বিদেশি স্ট্রাইকার যোগ দেননি। লাল-হলুদ শিবির বিদেশি ডিফেন্ডারকেও হয়তো পাবে না। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট প্রায় পূর্ণ শক্তির দল পাচ্ছে। এই কারণেই ফের ডুরান্ড কাপের রং হতে পারে সবুজ-মেরুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

