Neeraj Chopra Ruled Out: ভারতীয় অ্যাথলেটিক্সপ্রেমীদের জন্য বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট চোটের কারণে চলতি মরসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না নীরজকে।

Neeraj Chopra: ভারতীয় অ্যাথলেটিক্সপ্রেমীদের জন্য বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট চোটের কারণে চলতি মরসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। আগামী সপ্তাহে ব্রাসেলসে হতে চলা ডায়মন্ড লিগ ফাইনাল এবং সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে আর দেখা যাবে না ২৮ বছর বয়সী এই তারকাকে। নীরজ ছিটকে যাওয়াটা ভারতের কাছে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

সামাজিক মাধ্যমে নীরজের বার্তা

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান দুইবারের অলিম্পিক পদকজয়ী নীরজ। তিনি লেখেন, ''দীর্ঘ পরিশ্রমের পর মনে হচ্ছিল লোজানের পারফর্ম্যান্সের মাধ্যমে অবশেষে নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, অনুশীলনের সময় আমার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। ডাক্তার ও আমার দলের সঙ্গে আলোচনার পর এ মরশুমের বাকি ম্যাচগুলোতে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।''

তিনি আরও লেখেন, "বিষয়টি অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যখন আমি ছন্দে ফিরছিলাম। তবে লড়াইয়ের ট্র্যাকে প্রত্যাবর্তন এবং ব্যর্থতা খেলারই অংশ। এখন আমার একমাত্র লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ফিরে আসা।''

দেখুন কী লিখলেন নীরজ

Scroll to load tweet…

চলতি মরসুমে নীরাজের পারফরম্যান্স

লোজান ডায়মন্ড লিগ: এই মরসুম নিজের সেরা ৮৮.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

দোহা ডায়মন্ড লিগ: ৮৫.৬৯ মিটার ছুড়ে চতুর্থ স্থানে শেষ করেন।

ব্রাসেলস ফাইনাল:মাত্র দুটি ইভেন্টে অংশ নিয়েও ষষ্ঠ সেরা অ্যাথলেট হিসেবে ডায়মন্ড লিগের ফাইনালের যোগ্যতা অর্জন করেন তিনি।

গ্লাসগো কমনওয়েলথ গেমস: জুলাইয়ে অনুষ্ঠিত এই গেমসে ৮৫.৮৩ মিটার দূরত্ব ছুঁয়ে রুপোর পদক নিশ্চিত করেন নীরজ।

এশিয়ান গেমসে ভারতের সম্ভাবনা

গত হ্যাংঝৌ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। সেবার ভারতের কিশোর জেনা রুপো জিতে ঐতিহাসিক ডাবল পোডিয়াম তৈরি করেছিলেন। তবে এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নীরাজের অনুপস্থিতিতে জ্যাভলিন থ্রোয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন রোহিত যাদব।