Hockey World Cup 2026: এবারও হকি বিশ্বকাপে ব্যর্থ হল ভারতীয় দল। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। এই ব্যর্থতায় প্রচণ্ড ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)। তিনি হকি ইন্ডিয়ার (Hockey India) ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

DID YOU
KNOW
?
ভারতের টানা ব্যর্থতা
হকি বিশ্বকাপে পুরুষ ও মহিলা বিভাগে ভারতীয় দল টানা ব্যর্থ হয়ে চলেছে। এবারের বিশ্বকাপেও ব্যর্থ হল ভারতীয় দল।

Hockey News: ‘ভাবনার কিছু নেই, বিশ্বকাপের কোনও গুরুত্ব নেই। এশিয়ান গেমস (Asian Games 2026) আসছে। সেখানে পদক জেতো। তারপর আমরা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স (LA 2028) নিয়ে স্বপ্ন দেখা শুরু করতে পারব। বিশ্বকাপে যা খারাপ হয়েছে, সে সবই তখন চাপা পড়ে যাবে।’ এই ভাষাতেই এবারের হকি বিশ্বকাপে (FIH Hockey World Cup 2026) ভারতের পুরুষ ও হকি দলের ব্যর্থতার সমালোচনা করলেন প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)। তিনি অলিম্পিক্সে ভারতের পুরুষ দলকে পদক জিততে সাহায্য করেছিলেন। তারপর কোচ হিসেবে কাজ করছেন। কিন্তু হকি ইন্ডিয়া (Hockey India) তাঁর অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে না। দলের এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রীজেশ। তিনি চাইছেন দল ঘুরে দাঁড়াক। কিন্তু কারও মধ্যে দায়বদ্ধতা দেখতে পাচ্ছেন না। এই কারণেই ক্ষুব্ধ এই প্রাক্তন গোলকিপার।

হকি দলের কোচ কেন বিশ্বকাপের আগে ছুটিতে?

এবারের হকি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতের মহিলা দলের প্রধান কোচ। এ বিষয়ে সরব শ্রীজেশ। তিনি ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘মহিলা দলের প্রধান কোচ বিশ্বকাপের ঠিক আগে ছুটি কাটাতে চলে গেলেন। তারপর মেয়েরা হৃদয় দিয়ে লড়াই করেছে। ওরা প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। কিন্তু দায়বদ্ধতা কোথায়? চূড়ান্ত প্রস্তুতির সময় যদি প্রধান কোচ দলের সঙ্গে না থাকেন, তাহলে কি আমরা আশা করতে পারি যে সেরা পারফরম্যান্স দেখা যাবে?’

Scroll to load tweet…

পুরুষ দলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন শ্রীজেশের

‘এক্স’ হ্যান্ডলে শ্রীজেশ আরও লিখেছেন, ‘পুরুষ দল কোনও শীর্ষস্থানীয় দলের কাছে হারলেই বলা হয়, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। এশিয়ার কোনও দলকে হারালে বলা হয়, দারুণ জয়। ভালো হকি খেললে বলা হয়, ভালো পারফরম্যান্স। কিন্তু অস্বস্তিকর প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা কি ভালো হকি খেলার জন্য দল তৈরি করছি না বিশ্বের সেরা দলগুলিকে হারানোর মতো দল তৈরি করছি? শিক্ষা, ভালো হকি ও ভবিষ্যতের টুর্নামেন্টের আড়ালে লুকিয়ে পড়া বন্ধ করুন। বিশ্বকাপ মহড়া নয়। কে কঠিন প্রশ্ন তুলবে? কে দায়বদ্ধতার দাবি তুলবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কারও হেলদোল আছে?’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।