Prince Yadav:জাতীয় দলে সুযোগ পাওয়ার পথে লখনৌ সুপার জায়েন্টসের তারকা পেসার প্রিন্স যাদব।জুনের মাঝামাঝি দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ODI সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া।প্রিন্সকে ODI দলে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করবেন অজিত আগারকর-রা।
Prince Yadav: জাতীয় দলে সুযোগ পাওয়ার পথে লখনৌ সুপার জায়েন্টসের তারকা পেসার প্রিন্স যাদব। জুনের মাঝামাঝি দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী মঙ্গলবার আফগান সিরিজের জন্য দল বাছাই করবেন নির্বাচকরা। সূত্রের খবর, লখনৌ সুপার জায়েন্টসের পেসার প্রিন্স যাদবকে ওয়ানডে দলে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করবেন অজিত আগারকর-রা। এবারের আইপিএলে নজর কেড়েছেন প্রিন্স। শুধু আইপিএলেই নয় দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতেও নজর কাড়েন তিনি।

কে এই প্রিন্স যাদব
২০২৫ সালে মাত্র ৩০ লক্ষ টাকায় লখনৌ সুপার জায়েন্টস দলে নিয়েছিল প্রিন্স যাদব। আর ২০২৬ সালের আইপিএলে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম সেরা বোলার। উইকেট নেওয়ার তালিকাতেও রয়েছেন উপরের দিকে। ম্যাচের শুরুতেই বড় ব্যাটারদের আউট করে বারবার দলকে এগিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে ট্র্যাভিস হেডের মতো তারকা ব্যাটারকে বোল্ড করে নজর কেড়েছেন এই তরুণ পেসার। ২০০১ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে জন্ম তাঁর। প্রিন্স ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। ডানহাতি এই পেসার নতুন বলে সুইং করাতে পারেন, গতির পরিবর্তনেও দক্ষ এবং তাঁর ইয়র্কার খুবই বিপজ্জনক বলে ধরা হয়। দিল্লির ক্রিকেট থেকেই উঠে এসেছেন প্রিন্স যাদব। বিশেষ করে দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। সেখানে ১০ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে বয়স সংক্রান্ত বিতর্কে নিষিদ্ধ হলেও সেই সমস্যা বহু বছর আগেই মিটে গিয়েছে।
তরুণ প্রতিশ্রুতিমান পেসারদের দিকে চোখ নির্বাচকদের
জাতীয় নির্বাচকদের চোখ এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে। সেই দিকে নজর দিয়ে এক বছর আগে থেকেই টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে গুছিয়ে নিতে চাইছেন আগরকররা। জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং-য়ের বাইরে দেশের আরও কয়েকজন তরুণ প্রতিশ্রুতিমান পেসারকে ওয়ানডে ফর্ম্য়াটের জন্য তৈরি করতে চাইছেন নির্বাচকরা। যেহেতু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মত পেস সহায়ক উইকেটে, তাই বেশ কয়েকজন তরুণ পেসারদের এখন থেকেই দেখে নিতে চাইছেন আগরকররা।
কোচ গম্ভীরের মনে ধরেছে
শোনা যাচ্ছে জাতীয় দলের কোচ প্রিন্স যাদবকে নিয়ে উচ্ছ্বসিত কোচ গৌতম গম্ভীর। প্রিন্স যে বড় প্রতিশ্রুতিমান বোলার সে কথা এক কথায় বলছেন সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রীরা। লখনৌ সুপার জায়েন্টস-এর কোচ ভরত অরুণ দাবি করেছেন, প্রিন্স জাতীয় দলে খেলার জন্য পুরোপুরি তৈরি। অধিনায়ক ঋষভ পন্থও বলছেন, প্রিন্স লম্বা রেসের ঘোড়া হতে পারে।


