French Open 2026 Badminton: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাননি ভারতের সফলতম ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu)। তবে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে এই কিংবদন্তি। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

DID YOU
KNOW
?
অপরাজিত অ্যান সে ইয়াং
পি ভি সিন্ধুর বিরুদ্ধে ১০ ম্যাচ খেলে এখনও পর্যন্ত অপরাজিত দক্ষিণ কোরিয়ার শাটলার অ্যান সে ইয়াং।

PV Sindhu Reached French Open 2026 Final: দীর্ঘদিনের পেশাদার কেরিয়ারে প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন হায়দরাবাদের (Hyderabad) কিংবদন্তি শাটলার পিভি সিন্ধু। শনিবার সেমি-ফাইনালে জাপানের (Japan) হিনা আকেচির (Hina Akechi) বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে জয় পেলেন সিন্ধু। অলিম্পিক্সে (Olympics) দু'বারের পদকজয়ী সিন্ধু ২১-১০, ২০-২২, ২১-১৬ ব্যবধানে জয় পেলেন। রবিবার ফাইনালে এই ভারতীয় শাটলারের সামনে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা দক্ষিণ কোরিয়ার (South Korea) অ্যান সে ইয়াং (An Se Young)। চলতি বছরে দ্বিতীয় সুপার ৭৫০ খেতাব জয়ের সামনে সিন্ধু। জুলাইয়ে জাপান ওপেন সুপার ৭৫০ (Japan Open Super 750) খেতাব জিতেছিলেন সিন্ধু। ফরাসি ওপেনেও ধারাবাহিকতা বজায় রেখে শনিবার বিশ্বের ২২ নম্বর আকেচিকে হারাতে তিনি সময় নিলেন এক ঘণ্টা ১৩ মিনিট।

ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে সিন্ধু

ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছলেও, চূড়ান্ত লড়াই যে মোটেই সহজ হবে না, তা ভালোই জানেন সিন্ধু। কারণ, অ্যানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে একবারও জিততে পারেননি তিনি। চলতি বছরে ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2026) এবং সিঙ্গাপুর ওপেনেও (Singapore Open 2026) দক্ষিণ কোরিয়ার শাটলারের কাছে সরাসরি গেমে হেরে যান সিন্ধু। সেমি-ফাইনালে জয় পাওয়ার পর সিন্ধু বলেছেন, 'ওর (অ্যান) বিরুদ্ধে আমাকে ভালো লড়াই করতে হবে। কঠিন লড়াই করতে হবে। প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা অনেকবার খেলেছি এবং ও দুর্দান্ত পারফর্ম করছে। ও নিজের সেরা ফর্মে রয়েছে। তবে আমার মনে হয়, আগামীকাল সম্পূর্ণ আলাদা একটা দিন। প্রতিটি দিনই নতুন। আমাকে কোর্টে নেমে নিজের সেরাটা দিতে হবে। শেষ পর্যন্ত ওই দিনের পারফরম্যান্সই সব ঠিক করে দেবে। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।'

সেমি-ফাইনালে লড়াই করে জয় সিন্ধুর

শনিবার আকেচির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় সিন্ধুকে। প্রথম গেমে ৮-৮ পর্যন্ত কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। এরপর গতি বাড়িয়ে বিরতির সময় ১১-৯ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন তিনি। শেষ ১২ পয়েন্টের মধ্যে ১১টি জিতে মাত্র ১৮ মিনিটে প্রথম গেম ২১-১০ ব্যবধানে জিতে নেন হায়দরাবাদের শাটলার। দ্বিতীয় গেমে অবশ্য ঘুরে দাঁড়ান জাপানি শাটলার। তবে চার পয়েন্টে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরেন সিন্ধু। স্কোর ১৬-১৬ করে এগিয়েও যান তিনি। কিন্তু শেষমুহূর্তে স্নায়ুর লড়াইয়ে জয়ী হন আকেচি। ২০-২০ অবস্থায় সিন্ধুর গেম পয়েন্টের সুযোগ আটকে দিয়ে দ্বিতীয় সুযোগেই গেম জিতে নেন জাপানি শাটলার। ফলে ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় গেমে। সেখানেও শুরুটা ভালো করেন সিন্ধু। বিরতির সময় দু'পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি আকেচি। নিখুঁত নেট প্লে এবং স্ম্যাশের সাহায্যে স্কোর ১৫-১৫ করে ফেলেন তিনি। ম্যাচের ভাগ্য তখন কার্যত দুলছিল দুই দিকে। ঠিক সেই সময় নিজের খেলায় আরও গতি আনেন সিন্ধু। দুই খেলোয়াড়ের মধ্যে ৩৮ শটের দীর্ঘ র‌্যালি শেষে নেটে শট মারেন আকেচি। সুযোগ কাজে লাগিয়ে ১৮-১৬ ব্যবধানে এগিয়ে যান ভারতীয় তারকা। পরের পয়েন্টে দুর্দান্ত নেট শট মারেন তিনি। এরপর আকেচির শট বাইরে চলে যাওয়ায় চারটি ম্যাচ পয়েন্ট পেয়ে যান সিন্ধু। শেষ পর্যন্ত ক্রস-কোর্ট স্ম্যাশে ম্যাচ পকেটে পুরে নেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।