India vs Pakistan Football: ফুটবলে বরাবরই পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সম্প্রতি ব্রাজিল (Brazil) ও উরুগুয়ের (Uruguay) প্রীতি ম্যাচ খেলার পর ফেভারিট হিসেবেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে (SAFF Football Championship 2026) খেলতে নামছে ভারতীয় দল। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

DID YOU
KNOW
?
বাংলাদেশে ভারতীয় দল
ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা থাকলেও, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বাংলাদেশ সফরে ভারতীয় দল।

Football News: দীর্ঘদিন পর বাংলাদেশের (Bangladesh) মাটিতে হতে চলেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ (SAFF Football Championship 2026)। বৃহস্পতিবার ঢাকায় (Dhaka) শুরু হতে চলেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। টুর্নামেন্ট আয়োজনের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ। অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধি ও ফুটবলাররাও ঢাকায় পৌঁছতে শুরু করেছেন। প্রতিযোগিতার প্রথম দিনেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ফলে উদ্বোধনী ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।এবারের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে মোট ছ'টি দেশ। আয়োজক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, ভুটান (Bhutan), মালদ্বীপ (Maldives) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। ফিফার (FIFA) নির্বাসনের কারণে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না নেপাল (Nepal)।

বাংলাদেশে টুর্নামেন্টের প্রস্তুতি শেষ পর্যায়ে

সাফ-এর সচিব পি কাটেল সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, 'দীর্ঘদিন পর বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবারের প্রতিযোগিতায় ছ'টি দল যোগ দেবে। দুর্ভাগ্যবশত, ফিফার নির্বাসনের কারণে নেপাল খেলতে পারছে না।' আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর মাসকে প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত সময় বলে মনে করছেন আয়োজকরা। আগামী দু'সপ্তাহ দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য বড় উৎসব হয়ে উঠবে এই টুর্নামেন্ট, এমনটাই আশা সাফ কর্তাদের। ১৭ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman)। সব মিলিয়ে ভারত-পাকিস্তান মহারণ দিয়ে শুরু হতে চলা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে এখন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি নতুন অধ্যায় হতে চলেছে। তবে গ্রুপ পর্বে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে VAR ব্যবহার করা হবে। প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনালে আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে। সাফ-এর সচিব জানিয়েছেন, ‘ই প্রতিযোগিতায় প্রথমবার VAR প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনালে VAR ব্যবহার করা হবে। তার আগে গ্রুপ পর্বে অভ্যন্তরীণভাবে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।