Sourav Ganguly DC Coach আইপিএল-এ দাদার ইনিংসের নয়া অধ্যায়ের সূচনা। এই প্রথমবার হেড কোচের ভূমিকায় সৌরভ। আগামী ২০২৭ সালের আইপিএল মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly DC Coach কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ। আইপিএল-এ দাদার ইনিংসের নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই প্রথমবার হেড কোচের ভূমিকায় সৌরভ। আগামী ২০২৭ সালের আইপিএল মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। এত দিন যে দায়িত্ব সামলাচ্ছিলেন হেমাঙ্গ বাদানি, তাঁকে সরিয়েই কোচিংয়ের এই গুরুদায়িত্ব দেওয়া হলো ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সফল অধিনায়ককে। এর আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেট ভূমিকায় নজরকাড়া কাজ করেছিলেন বাংলার মহারাজ। এবার দাদাকে দেখা যাবে হেড কোচের হটসিটে।
সৌরভের দিল্লিতে কারা
প্রসঙ্গত, গত আইপিএলে দিল্লি ক্যাপিটলসকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর প্যাটেল। কোচ সৌরভের স্কোয়াডে আছেন কেএল রাহুল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবসদের মত তারকা ক্রিকেটাররা।
কোচের হটসিটে সৌরভ
আজ, মঙ্গলবার দিল্লি ফ্র্যাঞ্চাইজি তরফে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে। এতদিন ধরে আইপিএলের মেগা মঞ্চে সৌরভকে বিভিন্ন ভূমিকা পালন করতে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব ও খেলোয়াড় জীবন পার করার পর, তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর এবং ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও দীর্ঘ দিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তবে আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি দলের 'হেড কোচ' বা প্রধান কোচের দায়িত্বে এটিই তাঁর প্রথম ইনিংস হতে চলেছে। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের পর এবার ভারতীয় ক্রিকেটের মানচিত্রে কোচের মহাভূমিকায় মহারাজ।
কী বলছেন বিশেষজ্ঞরা
দিল্লি ক্যাপিটালসের কোচের হটসিটে সৌরভের আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ। গত কয়েক মরসুমে দিল্লি দল নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখলেও খেতাব জয়ের খরা কাটাতে পারেনি। সেই খরা কাটাতে এবং দলের ড্রেসিংরুমে আগ্রাসী মানসিকতা ফিরিয়ে আনতেই 'প্রিন্স অফ কলকাতা'র ওপর ভরসা রাখছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ নেতৃত্ব। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলের রূপরেখা বদলে দেওয়ার মূল কারিগর ছিলেন সৌরভ। এর পাশাপাশি তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিশ্বমানের ক্রিকেট মস্তিষ্ক আগামী দিনে দিল্লির ক্রিকেটারদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, অতীতে দিল্লি ক্যাপিটলসের হেড কোচ হিসেবে রিকি পন্টিংকে। দেখা গিয়েছে। ২০২৭ সালের আইপিএল শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও, এখন থেকেই নতুন স্ট্র্যাটেজি ও শক্তিশালী দল গঠনের নীল নকশা তৈরি করার কাজ শুরু করে দেবেন সৌরভ।


