Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বেনিনের (Argentina vs Benin) বিরুদ্ধে খেলার পরেই জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত দু'দশকে যাঁর সঙ্গে দ্বৈরথ, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) মেসির প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন।
Lionel Messi Farewell Match: আর্জেন্টিনার (Argentina) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দু'দশক ধরে তাঁদের দ্বৈরথ ঘিরে ফুটবল দুনিয়া সরগরম থাকলেও, মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর তাঁর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছো এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য আমার অগাধ শ্রদ্ধা। তোমাকে আলিঙ্গন।’ এই পোস্টের মাধ্যমে রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন, মাঠে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, একজন ফুটবলার হিসেবে তিনি মেসির প্রতি শ্রদ্ধাশীল।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে আবেগপ্রবণ মেসি
মঙ্গলবার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। মনুমেন্টালে (Monumental) বেনিনের বিরুদ্ধে (Argentina vs Benin) সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দু’টি গোলও করান মেসি। ম্যাচ শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট করেন এই কিংবদন্তি। সেই পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার অনুভূতিটা ইতিমধ্যেই মিস করতে শুরু করেছেন। ৩৯ বছর বয়সি এই তারকার কথা অনুযায়ী, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর জন্য এটাই তাঁর উপযুক্ত সময়। পাশাপাশি পরিবার ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। স্মরণ করেন প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাকেও (Diego Maradona)। মেসির কথায়, আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মারাদোনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসির পাশে রোনাল্ডো
এই প্রথম নয়, এর আগেও ইনস্টাগ্রামে মেসির পাশে দাঁড়িয়েছেন রোনাল্ডো। মেসির বাবা হোর্হে মেসির (Jorge Messi) প্রয়াণে শোকপ্রকাশ করে আর্জেন্টাইন তারকাকে সমবেদনা জানিয়েছিলেন তিনি। রোনাল্ডো ও মেসির দ্বৈরথকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে মনে করা হয়। ২০০৭ সালে কাকা-সহ তিন তারকার মধ্যে ব্যালন ডি’অরের লড়াই থেকেই এই দ্বৈরথের শুরু। এরপর প্রায় এক দশক ধরে ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর, দুই পুরস্কারেই মূলত আধিপত্য ছিল মেসি ও রোনাল্ডোর। রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সেই দ্বৈরথ আরও তীব্র হয়ে ওঠে। লা লিগায় রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের সঙ্গে মেসির বার্সেলোনার লড়াই এবং বিশেষ করে প্রতিটি এল ক্লাসিকোই হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, একে অপরের প্রতি বরাবরই সম্মান দেখিয়েছেন মেসি ও রোনাল্ডো। মাঠের বাইরে একে অপরের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে দুই মহাতারকাকে। আন্তর্জাতিক ফুটবলে দু’বার মুখোমুখি হয়েছেন মেসি ও রোনাল্ডো। সেই দুই সাক্ষাতে দু’জনেরই রয়েছে একটি করে জয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

