Virat Kohli Injury: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ফাইনালে পাওয়া চোটই শেষ পর্যন্ত বড় সমস্যার কারণ হল।
Virat Kohli Injury: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। IPL ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়েই চোট পান কোহলি। ম্যাচ চলাকালীন দৌড়ানোর সময় তাঁকে অস্বস্তিতে পড়তে দেখা গেলেও মাঠ ছাড়েননি তিনি। দলের প্রয়োজনে শেষ পর্যন্ত খেলেন এবং আরসিবির কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন। এবারের আইপিএলের ফাইনালে ম্য়াচের সেরাও নির্বাচিত হন কোহলি। তবে ফাইনালে পাওয়া চোটই শেষ পর্যন্ত বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াল। ডাক্তারের পরামর্শ মেনেই আফগান সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিরাট। ফলে কোহলির জাতীয় দলে জার্সিতে মাঠে নামার অপেক্ষা বাড়ল।

কোহলির পরিবর্তে কে
বিসিসিআইয়ের দাবি,''হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে বিরাট আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজে খেলতে পারবেন না।'' যদিও বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। কোহলির পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা নিয়েও এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেট মহলে রজত পতিদারের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আগামী ১৩ জুন ধর্মশালায় শুরু হবে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের ODI সিরিজ। দ্বিতীয় ম্যাচ লখনউয়ে এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে এই সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে কোহলির অনুপস্থিতি ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।
শুধু ওয়ানডে-তেই দেশের হয়ে খেলছেন কোহলি
দেশের জার্সিতে কোহলি শেষ মাঠে নেমেছিলেন চলতি বছর জানুয়ারিতে ইন্দোরে ওয়ানডেতে কিউইদের বিরুদ্ধে। প্রসঙ্গত, টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ার পর জাতীয় দলের হয়ে শুধু ওয়ানডে-তেই খেলছেন কোহলি।
রোহিত শর্মার ফিটনেস নিয়েও প্রশ্ন
বিশেষ করে তিন নম্বর ব্যাটিং পজিশনে দীর্ঘদিন ধরে নির্ভরতার প্রতীক ছিলেন কোহলি। তাঁর অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা ভারতীয় ব্যাটিং লাইনআপকে বাড়তি শক্তি দিত। এমন পরিস্থিতিতে দলের নেতৃত্বে শুভমন গিলকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রোহিত শর্মার ফিটনেস নিয়েও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আইপিএল ২০২৬-এ দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। ব্যাট হাতে ধারাবাহিক রান করে তিনি আবারও প্রমাণ করেছিলেন কেন তাঁকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হয়। তাই জাতীয় দলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য এই খবর নিঃসন্দেহে হতাশার। এখন ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে কোহলির সুস্থ হয়ে ওঠার দিকে। হ্যামস্ট্রিংয়ের চোট সাধারণত সতর্কতার সঙ্গে সামলাতে হয়। ফলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন কবে হবে, তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।


