পশ্চিমবঙ্গের মুকুটে আরও এক আন্তর্জাতিক সাফল্যের পালক! কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) গবেষণায় বড় বিনিয়োগের ঘোষণা করল Google। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT খড়গপুরকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬.৩৪ কোটি টাকা) অর্থসাহায্য দিচ্ছে গুগল।
পশ্চিমবঙ্গের মুকুটে আরও এক আন্তর্জাতিক সাফল্যের পালক! কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) গবেষণায় বড় বিনিয়োগের ঘোষণা করল Google। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT খড়গপুরকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬.৩৪ কোটি টাকা) অর্থসাহায্য দিচ্ছে গুগল। এই অর্থ ব্যবহার করা হবে উন্নত AI গবেষণা, পড়ুয়া ও শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত পরিকাঠামো তৈরির কাজে। আর এই ঘোষণার সঙ্গে জড়িয়ে রয়েছে Google CEO সুন্দর পিচাইয়ের ব্যক্তিগত আবেগও। কারণ, IIT খড়গপুরেরই প্রাক্তনী তিনি।
IIT খড়গপুরকে কেন এত বড় অর্থসাহায্য?
২১ নভেম্বর, শনিবার IIT খড়গপুরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের আবহে এই ঘোষণা করেছে Google। সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ মিলিয়ন ডলারের এই তহবিলের মাধ্যমে IIT খড়গপুরে উন্নত AI গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ভারতের আগামী প্রজন্মের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধিতেও জোর দেওয়া হবে। এই অর্থসাহায্য মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্রথমত, উন্নত AI গবেষণা। দ্বিতীয়ত, পড়ুয়া, শিক্ষক ও অধ্যাপকদের জন্য AI প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি। তৃতীয়ত, ক্যাম্পাসে AI-ভিত্তিক প্রযুক্তিগত পরিকাঠামো ও বিভিন্ন টুল তৈরি।
ভারতীয় ভাষা থেকে কৃষি, কোন কোন ক্ষেত্রে হবে AI গবেষণা?
Google-এর এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় ভাষা বা Indic Languages-কে। বিভিন্ন ভারতীয় ভাষায় AI প্রযুক্তির ব্যবহার আরও উন্নত করার জন্য গবেষণা হবে। এর ফলে ভবিষ্যতে আঞ্চলিক ভাষায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল পরিষেবা আরও সহজ হতে পারে। এছাড়াও কৃষি, Material Science বা উপাদান বিজ্ঞান এবং Educational Technology বা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ নিয়ে গবেষণায় সাহায্য করবে এই তহবিল। কৃষিক্ষেত্রে AI-র ব্যবহার, নতুন উপাদান নিয়ে গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির প্রয়োগের মতো বাস্তব সমস্যার সমাধান খোঁজাই এর অন্যতম লক্ষ্য।
সুন্দর পিচাইয়ের আবেগঘন বার্তা
এই ঘোষণার সঙ্গে নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিও ভাগ করে নিয়েছেন Google ও Alphabet-এর CEO সুন্দর পিচাই। IIT খড়গগপুরের প্রাক্তনী পিচাই জানিয়েছেন, তাঁর নিজের জীবন গঠনে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর কথায়, IIT খড়গপুর ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা করছে। সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে Google আগ্রহী। যে প্রতিষ্ঠান তাঁর নিজের জীবনের পথ তৈরি করতে সাহায্য করেছে, সেই প্রতিষ্ঠান থেকেই আগামী প্রজন্মের পড়ুয়ারা নতুন সুযোগ পাবে, এমনটাই আশা তাঁর। পিচাই আরও বলেছেন, উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ক্রমশ সামনের সারিতে উঠে আসছে। AI-র সুবিধা যাতে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছয়, সেই লক্ষ্য পূরণেও এই ধরনের উদ্যোগ সাহায্য করবে।
পড়ুয়া ও শিক্ষকদের জন্যও বিশেষ উদ্যোগ
এই তহবিলের একটি বড় অংশ ব্যয় হবে AI প্রশিক্ষণ এবং পাঠ্যক্রম তৈরিতে। IIT খড়গপুরের পড়ুয়া, অধ্যাপক এবং শিক্ষকদের জন্য AI-ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি ক্যাম্পাসের প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করতে AI Framework এবং বিভিন্ন প্রযুক্তিগত টুল তৈরিতেও সাহায্য করবে Google।
পশ্চিমবঙ্গের প্রযুক্তি গবেষণায় নতুন সম্ভাবনা
IIT খড়গপুরকে Google-এর এই অর্থসাহায্য শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তি নয়, পশ্চিমবঙ্গের প্রযুক্তি গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ভারতীয় ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে AI-র ব্যবহার বাড়লে তার সুফল সাধারণ মানুষের কাছেও পৌঁছতে পারে। উল্লেখ্য, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে AI পরিকাঠামো গড়ে তুলতে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের বৃহত্তর পরিকল্পনাও ঘোষণা করেছে Google। বিশাখাপত্তনমে AI Hub তৈরির পরিকল্পনার পাশাপাশি IIT খড়গপুরের সঙ্গে এই নতুন অংশীদারিত্ব ভারতের AI গবেষণার ক্ষেত্রে সংস্থার বিনিয়োগের আরও একটি গুরুত্বপূর্ণ দিক।
















