Nvidia Stock Crash: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সম্প্রতি এক সহকর্মীর সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। আর ঐ সহকর্মীর সঙ্গে বিদেশি গুপ্তচর সংস্থার যোগ থাকতে পারে বলে তদন্ত চলছে। এই কেলেঙ্কারির জেরে এনভিডিয়ার শেয়ারের দাম হুড়মুড় করে পড়েছে।
Nvidia Stock Crash: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সম্প্রতি এক সহকর্মীর সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। আর ঐ সহকর্মীর সঙ্গে বিদেশি গুপ্তচর সংস্থার যোগ থাকতে পারে বলে তদন্ত চলছে। এই কেলেঙ্কারির জেরে এনভিডিয়ার শেয়ারের দাম হুড়মুড় করে পড়েছে। হুয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি ডলার কমেছে এবং তাঁর আর্থিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) বিপ্লব নিয়ে খবর তৈরি করায় অভ্যস্ত এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং (Jensen Huang)। তবে এবার তাঁর ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে। এর জেরে যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটাও বেশ স্পষ্ট।
২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার উধাও
কোম্পানির এক শীর্ষস্তরের কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর, হুয়াং স্বীকার করেছেন যে তিনি তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি অবিশ্বস্ত ছিলেন। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, ওই মহিলা চিনের হয়ে তথ্য সংগ্রহ করতেন। এই খবর সামনে আসার পর বিলিয়নেয়ার হুয়াংয়ের সম্পত্তি কয়েকশো কোটি ডলার কমে গেছে। পাশাপাশি এনভিডিয়ার শেয়ারের দামও দ্রুত পড়েছে, যার জেরে বিশ্ব ধনকুবেরদের তালিকায় তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন। এই কেলেঙ্কারির জেরে আরও একটা বড় প্রশ্ন উঠছে। যদি হুয়াংয়ের বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে তাঁর ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের কী হবে? যদিও দম্পতির ডিভোর্স ফাইল করার কোনো খবর নেই, তবে হিসেবটা বেশ চোখ কপালে তোলার মতোই। তাঁর ওই সম্পর্কের তদন্ত নিয়ে উদ্বেগের কারণেই, এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে, আর এর প্রভাব পড়েছে হুয়াংয়ের সম্পত্তির ওপর।
কতটা ক্ষতি হল জেনসেন হুয়াংয়ের?
ফোর্বসের (Forbes) রিপোর্ট অনুযায়ী, ৯ নভেম্বর ট্রেডিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটেই হুয়াংয়ের সম্পদ ৭.৪ বিলিয়ন (৭৪০ কোটি) ডলার কমে ১৫৪.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিলিয়নেয়ারদের তালিকায় তিনি অষ্টম থেকে দশম স্থানে নেমে গেছেন। এখন তাঁর সামনে আছেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট। এনভিডিয়া স্টকের জন্য এক কঠিন সময়ের পরই এই পতন দেখা গেল। ৬ নভেম্বর ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল ১৫০.৯ বিলিয়ন ডলার, কারণ প্রযুক্তি শেয়ারের বাজারে মন্দার কারণে এর আগে তাঁর ১৫.১ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। গুজব ছিল যে, হুয়াং হয়তো কোনো বিদেশি গুপ্তচর সংস্থার টার্গেট হয়েছিলেন। এনভিডিয়া যখন এর স্বাধীন তদন্তের কথা ঘোষণা করে, তখনই বাজারে এর প্রভাব পড়ে। কর্মীদের দেওয়া এক বিবৃতিতে হুয়াং সম্পর্কের কথা স্বীকার করে নেন। স্ত্রী ও সন্তানদের আঘাত করার জন্য তিনি দুঃখপ্রকাশও করেন। পাশাপাশি তদন্তে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
এনভিডিয়া বোর্ড কী বলছে?
এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, তাদের কাছে এমন কোনও প্রমাণ নেই যা থেকে মনে হয় যে জাতীয় নিরাপত্তা বা কোম্পানির কোনো গোপন তথ্য ফাঁস হয়েছে। হুয়াং এখনও কোম্পানির শীর্ষে রয়েছেন। তবে বিনিয়োগকারীদের উদ্বেগ হুয়াংয়ের ব্যক্তিগত জীবনের বাইরেও ছড়িয়েছে। কারণ বিশ্বজুড়ে চলা এআই (AI) বিপ্লবের একেবারে কেন্দ্রে রয়েছে এনভিডিয়া। আর কোম্পানির সিইওকে ঘিরে এই অনিশ্চয়তা, প্রযুক্তি স্টকের এই অস্থির বাজারকে আরও জটিল করে তুলতে পারে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।













