Parag Agrawal AI Company: রেকর্ড অর্থে ‘টুইটার’ কেনার পর কোম্পানির ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে বহিষ্কার করেছিলেন ইলন মাস্ক। 'প্যারালাল ওয়েব সিস্টেমস' নামের AI স্টার্টআপ গড়ে তোলেন পরাগ আগরওয়াল। যার মূল্য ১৫ হাজার কোটি টাকা।

Parag Agrawal AI Company: রেকর্ড অর্থে মাইক্রো ব্লগিং সোশ্য়াল সাইট ‘টুইটার’ কেনার পর কোম্পানির ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে বহিষ্কার করেছিলেন ইলন মাস্ক। দুনিয়ার ধনীতম ব্যক্তি মাস্ক কার্যত ঘাড় ধাক্কা দিয়েই পরাগকে Twitter থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই পরাগ আগরওয়াল এবার চমকে দিলেন। দু'বছরের মধ্যে পরাগের খোলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল কোম্পানির দর ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল। পরাগ দেখালেন, প্রতিভা থাকলে আর পরিশ্রম করলে সব বাধাকেই জয় করা সম্ভব। ২ বছরের মধ্য়ে ১৫ হাজার কোটি টাকার AI সাম্রাজ্য গড়ে পরাগ আরও বড় কিছু করতে চাইছেন।

পরাগের নতুন AI স্টার্টআপ

বছর আড়াই আগে 'প্যারালাল ওয়েব সিস্টেমস' নামের একটি এআই স্টার্টআপ গড়ে তোলেন পরাগ আগরওয়াল। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি-ভিত্তিক এই সংস্থা মূলত AI এজেন্টদের জন্য পরিকাঠামো তৈরি করে। অর্থাৎ, এমন প্রযুক্তি তৈরি করা হয় যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দক্ষভাবে ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে এবং তা বুঝে ব্যবহার করতে পারে।

বিনিয়োগকারীদের নজর কাড়ছে পরাগের কোম্পানি

২০২৩-২৪ সালের মধ্যে যাত্রা শুরু করা পরাগ আগরওয়ালের এই স্টার্টআপ খুব অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছে বিনিয়োগকারীদের। মাত্র প্রায় দুই বছরের মধ্যে একাধিক দফায় তহবিল সংগ্রহ করেছে সংস্থাটি। সম্প্রতি সিরিজ বি ফান্ডিং রাউন্ডে প্রায় ১০০ মিলিয়ন ডলার তোলার খবর মিলেছে। এই রাউন্ডে নেতৃত্ব দিয়েছে বিখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা সেকিউওয়া ক্যাপিটল। পাশাপাশি ক্লেইনার পারকিন্স, ইনডেক্স ভেঞ্চার ও খোসলা ভেঞ্চার্স--এর মতো পুরনো বিনিয়োগকারীরাও পরাগের এআই কোম্পানির পাশে দাঁড়িয়েছে।

বর্তমানে সংস্থার মূল্যায়ন দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলার

এর আগে সিরিজ এ রাউন্ডেও ১০০ মিলিয়ন ডলার তুলেছিল সংস্থাটি, পাশাপাশি প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০ মিলিয়ন ডলারের তহবিল পেয়েছিল। সব মিলিয়ে অল্প সময়েই দ্রুত গতিতে বেড়েছে 'প্যারালাল ওয়েব সিস্টেমস'। বর্তমানে সংস্থার মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৫ থেকে ১৯ হাজার কোটি টাকার সমান। পালো অল্টোতে ছোট একটি দল নিয়ে কাজ শুরু করেছিলেন পরাগ আগরওয়াল। বর্তমানে প্রায় ২৫ জনের টিম নিয়ে ‘এজেন্টিক AI’ ক্ষেত্রেই নিজেদের জায়গা শক্ত করছে এই স্টার্টআপ। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে এআই-র যে জোয়ার চলছে, তার মধ্যেই এই সংস্থার দ্রুত উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অবাক করা 'কামব্যাক স্টোরি'

প্রযুক্তি মহলের অনেকেই পরাগ আগরওয়ালের এই যাত্রাকে 'কামব্যাক স্টোরি' হিসেবে দেখছেন। টুইটার অধ্যায়ের পর নতুন করে নিজেকে প্রমাণ করে দেখালেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টদের আরও কার্যকর করে তুলতে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে 'প্যারালাল ওয়েব সিস্টেমস'। সব মিলিয়ে, প্রযুক্তি দুনিয়ায় এক ধাক্কা থেকে নতুন সুযোগ তৈরি করার যে নজির, তার অন্যতম উদাহরণ হয়ে উঠছেন পরাগ আগরওয়াল।