আজকাল QR কোড পেমেন্ট খুব সাধারণ হলেও, এর মাধ্যমে সাইবার জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। আসল QR কোডের ওপর নকল স্টিকার, স্ক্যান করার পর ভুল নাম, বা লোভনীয় অফারের ফাঁদে পড়ে অনেকেই টাকা হারান। 

আজকাল পেট্রোল পাম্প থেকে শুরু করে শপিং মল, পার্কিং, চায়ের দোকান বা সবজিওয়ালা—সব জায়গায় QR কোড দিয়ে পেমেন্ট চলছে। ফোন বের করে কোড স্ক্যান করলেন আর কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠিয়ে দিলেন। কিন্তু এই তাড়াহুড়োই অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সাইবার জালিয়াতির অনেক ঘটনাতেই দেখা গেছে যে, লোকজন QR কোড স্ক্যান করার আগে আসল না নকল, সেটাও খতিয়ে দেখেন না। যদি মাত্র ৫-৭ সেকেন্ড সময় নিয়ে কয়েকটি জরুরি জিনিস দেখে নেওয়া যায়, তাহলে অনেক বড় সমস্যা থেকে বাঁচা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, QR কোড স্ক্যান করার আগে কোন ৫টা জিনিস অবশ্যই দেখে নেবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১. QR কোড ভালো করে দেখুন

অনেক দোকান বা পাবলিক প্লেসে আসল QR কোডের ওপর অন্য একটি স্টিকার লাগিয়ে জালিয়াতির চেষ্টা করা হয়। যদি দেখেন QR কোডটা বেঁকাভাবে লাগানো, ওপর থেকে নতুন স্টিকার সাঁটা আছে বা কোডের আশেপাশে কিছু ঘষামাজা করা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হন। এমন পরিস্থিতিতে সরাসরি দোকানদারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়াই ভালো।

২. স্ক্যান করার পর নাম মিলিয়ে নিন

QR কোড স্ক্যান করার পর আপনার মোবাইলের স্ক্রিনে যে ব্যক্তি বা দোকানের নাম দেখাচ্ছে, সেটা একবার অবশ্যই পড়ুন। যদি নামটা অন্যরকম বা অচেনা লাগে, তাহলে পেমেন্ট করার আগে আবার যাচাই করে নিন। অনেকেই এই ভুলটা করেন এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন।

৩. পেমেন্টের আগে তাড়াহুড়ো করবেন না

ভিড়ের মধ্যে বা তাড়ার চোটে অনেকেই ভুল অ্যামাউন্ট টাইপ করে ফেলেন। ২৫০ টাকার জায়গায় ২৫০০ টাকা বা ৫০০ টাকার জায়গায় ৫০০০ টাকা পাঠিয়ে দেওয়ার মতো ভুল প্রায়ই হয়। তাই পেমেন্ট বোতামে চাপ দেওয়ার আগে একবার টাকার অঙ্কটা মন দিয়ে দেখে নিন।

৪. QR কোডটা আদৌ সুরক্ষিত তো?

যেখানে সেখানে একটা QR কোড দেখতে পেলেই যে সেটা নিরাপদ হবে, তার কোনও মানে নেই। যদি কোনও অচেনা লোক হোয়াটসঅ্যাপ, SMS, টেলিগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় QR কোড পাঠিয়ে স্ক্যান করতে বলে, তাহলে সব সময় সতর্ক থাকুন। অচেনা QR কোড স্ক্যান করার আগে তার প্রয়োজন এবং সোর্স সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

৫. ফ্রি অফার বা পুরস্কারের লোভ দেখানো QR কোড

'স্ক্যান করে ৫০০ টাকা পান', 'স্ক্যান করে গিফট জিতুন'—এই ধরনের লোভনীয় মেসেজগুলো আসলে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয়। যদি কোনও অফার অবিশ্বাস্য রকমের ভালো মনে হয়, তাহলে আগে তার সত্যতা যাচাই করে নিন।

পেমেন্ট হয়ে গেলে কী করবেন?

  • পেমেন্ট সফল হওয়ার পর স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন নম্বর সেভ করে রাখুন।
  • ভবিষ্যতে কোনও সমস্যা হলে এই তথ্যই আপনার কাজে আসবে।