Tech News: স্মার্টফোনে WhatsApp রয়েছে, অথচ ব্যাঙ্কের ছোটখাটো কাজের জন্য বারবার শাখায় যেতে হচ্ছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য রয়েছে WhatsApp Banking পরিষেবা, যার মাধ্যমে ঘরে বসেই দেখে নিতে পারবেন অ্যাকাউন্টের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট।
Tech News: স্মার্টফোনে WhatsApp রয়েছে, অথচ ব্যাঙ্কের ছোটখাটো কাজের জন্য বারবার শাখায় যেতে হচ্ছে? কিংবা অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা জানতে প্রতিবার YONO অ্যাপ খুলতে হচ্ছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য রয়েছে আরও সহজ একটি ব্যবস্থা। ব্যাঙ্কের WhatsApp Banking পরিষেবার মাধ্যমে ঘরে বসেই দেখে নিতে পারবেন অ্যাকাউন্টের ব্যালান্স, সাম্প্রতিক লেনদেনের হিসাব এবং পেনশন স্লিপের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে বয়স্ক মানুষ বা যাঁরা অ্যাপ ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য এই পরিষেবা খুবই কার্যকর।
সবচেয়ে সুবিধার বিষয়, এই পরিষেবা ব্যবহার করতে আলাদা কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। নিজের ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর থেকেই WhatsApp-এর মাধ্যমে এই পরিষেবা চালু করা যায়। SBI WhatsApp ব্যাঙ্কিং চালু করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনার ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে WAREG লিখে একটা স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বর লিখে SMS পাঠাতে হবে। যেমন ধরুন WAREG 12345678901। SMS পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনার নম্বরটি WhatsApp ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্টার্ড হয়ে যাবে।
এরপর আপনার ফোনে +91 9022690226 নম্বরটি SBI WhatsApp নামে সেভ করে WhatsApp খুলে ওই নম্বরে Hi লিখে পাঠালেই হবে। রেজিস্ট্রেশন সফল হলে ব্যাঙ্কের তরফ থেকে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং তারপর থেকেই আপনি পরিষেবা ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর ওই নম্বরে Hi লিখলেই একটি মেনু চলে আসবে। সেখান থেকে আপনি ১ লিখে পাঠালে অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স জানতে পারবেন, আবার ২ লিখলে শেষ ৫টি লেনদেনের হিসাব অর্থাৎ মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন।
শুধু ব্যালেন্স নয়, আরও অনেক সুবিধা রয়েছে এই পরিষেবায়। পেনশনভোগীরা চাইলে পেনশন স্লিপ ডাউনলোড করতে পারবেন, হোম লোন বা এডুকেশন লোনের বর্তমান স্থিতি, সুদের হার জানতে পারবেন। এমনকি কাছাকাছি SBI-র ATM বা শাখা কোথায় রয়েছে, তাও জানা যাবে এই WhatsApp চ্যাট থেকেই। ফলে ছোটখাটো প্রয়োজনে আর ব্যাঙ্কে লাইন দেওয়ার দরকার পড়বে না।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, SBI কখনও WhatsApp-এ আপনার OTP, PIN বা পাসওয়ার্ড চায় না। যদি কেউ SBI-র নাম করে এই তথ্য চায়, বুঝবেন সেটি প্রতারণার ফাঁদ। এবং শুধুমাত্র ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর থেকেই এই পরিষেবা কাজ করবে।
















