Bullet Train vs Aircraft: আকাশপথে উড়োজাহাজের গতির সঙ্গে পাল্লা দিয়ে জমির ওপর দিয়ে ছুটছে ট্রেন, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। একটি ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা।

Bullet Train vs Aircraft:: আকাশপথে উড়োজাহাজের গতির সঙ্গে পাল্লা দিয়ে জমির ওপর দিয়ে ছুটছে ট্রেন, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। সম্প্রতি এক্স (আগে বলা হত টুইটার)-এ '@RT_Visual_on_X' হ্যান্ডেল থেকে শেয়ার করা এক মিনিটের কিছু বেশি সময়ের একটি ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী মাঝ-আকাশে বিমানের জানলা দিয়ে নীচের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। আর ঠিক নীচেই এলিভেটেড রেললাইন ধরে বিদ্যুতের গতিতে ছুটে চলেছে চিনের একটি ঝকঝকে সাদা রঙের হাই-স্পিড বুলেট ট্রেন। বিমানের সঙ্গে সমানে পাল্লা দিয়ে ছুটছে চিনের বুলেট ট্রেন, ঘটল অবাক কাণ্ড, ভাইরাল ভিডিও।

বিমানকে টেক্কা বুলেট ট্রেনের!

বিমানের অত উঁচু থেকে দেখলেও ট্রেনটিকে মোটেই ধীরগতির মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে আকাশের বিমান আর মাটির ট্রেনের মধ্যে যেন রীতিমতো রেষারেষি চলছে! ভিডিয়োটির ক্যাপশনেও স্পষ্ট লেখা হয়েছে যে, চিনের হাই-স্পিড ট্রেনগুলো এখন সত্যিই উড়োজাহাজের সঙ্গে টক্কর দেওয়ার মতো গতিতে ছুটছে।

দেখুন ভাইরাল ভিডিও

Scroll to load tweet…

কোনও গ্রাফিক্স বা সিজিআই (CGI)-এর কারসাজি নয়, এটি সম্পূর্ণ বাস্তব এক দৃশ্য, যা চিনের উন্নত রেল যোগাযোগ ব্যবস্থার আসল ছবিটা সামনে এনেছে। বর্তমানে চিনের 'ফুক্সিং' (Fuxing) সিরিজের ট্রেনগুলি প্রধান রুটগুলিতে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার বেগে ছোটে। উদাহরণ হিসেবে বলা যায়, বেজিং থেকে সাংহাইয়ের প্রায় ১,৩০০ কিলোমিটার দূরত্ব এই ট্রেন মাত্র ৪ ঘণ্টা ১৮ মিনিটেই অতিক্রম করে ফেলে।

বিমান সফরকে কোথায় টেক্কা দিচ্ছে ট্রেন

বিমানে এই পথ যেতে উড়ান-সময় লাগে প্রায় দু’ঘণ্টা। কিন্তু বিমানবন্দরে যাওয়ার ঝক্কি, আগেভাগে পৌঁছে চেক-ইন ও সিকিউরিটি চেকিংয়ের লম্বা লাইন, ফ্লাইট দেরি হওয়ার আশঙ্কা এবং গন্তব্যে নেমে ব্যাগপত্র নিয়ে শহরের মূলকেন্দ্রে পৌঁছনোর সময় যোগ করলে দেখা যায়, ট্রেন আর বিমানের মোট যাতায়াত সময় প্রায় সমান— বরং অনেক ক্ষেত্রে ট্রেনই এগিয়ে থাকে! তার ওপর রেল স্টেশনগুলি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এবং মেট্রোর সঙ্গে যুক্ত হওয়ায় যাত্রীদের বাড়তি হয়রানিও পোহাতে হয় না।

চিনের হাই-স্পিড রেল নেটওয়ার্ক ৫০,০০০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে

এখন চিনের হাই-স্পিড রেল নেটওয়ার্ক ৫০,০০০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে, যা গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম। ৫০০ থেকে ১,২০০ কিলোমিটার দূরত্বের যাত্রায় সে দেশের বহু মানুষই এখন বিমান ছেড়ে বুলেট ট্রেনকেই বেছে নিচ্ছেন। ৯৫ শতাংশের বেশি সময়ানুবর্তিতা, আরামদায়ক আসন, অতিরিক্ত ব্যাগেজ ফি-র ঝামেলা না থাকা এবং কামরার ভেতরে অবাধে চলাফেরার সুবিধাই যাত্রীদের কাছে এই ট্রেনকে এত জনপ্রিয় করে তুলেছে। এখানেই শেষ নয়, প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে চিন এবার নামাচ্ছে ‘সিআর৪৫০’ (CR450) সিরিজের বুলেট ট্রেন।

গতিতে রেকর্ড

বাণিজ্যিকভাবে ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলার উপযোগী করে তৈরি এই ট্রেন ইতিমধ্যেই পরীক্ষামূলক দৌড়ে ঘণ্টায় ৪৫০ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছে। বিমানের জানলা থেকে তোলা ওই ভাইরাল ভিডিয়োটিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভবিষ্যতের স্বপ্ন নয়, চিনে বুলেট ট্রেনের যুগ ইতিমধ্যেই আকাশপথের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।