Man Wears Dog Costume একেবারে অভিনব প্রতিবাদ। ঘড়ির কাঁটায় তখন মধ্যপ্রদেশের খণ্ডবা জেলা কালেক্টরেট চত্বরে জনশুনানির ব্যস্ত সময়। আচমকাই উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক,সকলের চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে।
Man Wears Dog Costume একেবারে অভিনব প্রতিবাদ। ঘড়ির কাঁটায় তখন মধ্যপ্রদেশের খণ্ডবা জেলা কালেক্টরেট চত্বরে জনশুনানির ব্যস্ত সময়। আচমকাই উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক,সকলের চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে। মাথায় কুকুরের মুখের আদলে বানানো মুখোশ, গায়ে রোমশ পোশাক, সম্পূর্ণ কুকুরের বেশে হেঁটে আসছেন এক ব্যক্তি! পিছনে কয়েক জন ক্ষুব্ধ নাগরিক।
কুকুর নিয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ
শহরে পথকুকুরের লাগামহীন উপদ্রব এবং বন্ধ্যাকরণ প্রকল্পের কোটি টাকার দুর্নীতি নিয়ে মধ্যপ্রদেশের খণ্ডবায় এই নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। খণ্ডবা পুরনিগমের বিরোধী দলনেতা দীপক 'মুল্লু' রাঠোরের নেতৃত্বে এই অভিনব বিক্ষোভ কর্মসূচিটি সূচিত হয়। প্রতিবাদস্থলে বিরোধীদের দাবি, শহরের মানুষকে কুকুরের কামড় থেকে বাঁচাতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। বিরোধী দলনেতা দীপক রাঠোর পোশাক পরা ওই ব্যক্তিকে দেখিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেন, ''উনি দিল্লি থেকে এসেছেন। আমাদের এই 'ডগি ভাই' খণ্ডবার কুকুরের প্রতিনিধি হয়ে নিজের প্রাণের আর্জি জানাতে এসেছেন।'' ওই ব্যক্তি অবশ্য খুব বেশি কথা বলেননি। তবে ভিড়ের মাঝে তাঁকে আর্জি জানাতে শোনা যায়, ''সাহাব, বাঁচাও!''
দেখুন ভিডিও
ভয়াবহ পরিসংখ্যান ও দুর্নীতির অভিযোগ
খণ্ডবায় পথকুকুরের কামড়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয়াবহ আতঙ্কের কথা তুলে ধরেন বিক্ষোভকারীরা। পুর প্রশাসনিক তথ্যের উল্লেখ করে বিরোধী দলনেতা জানান, ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। গত চার বছরে শুধু খণ্ডবা শহরেই ১৩,২২৫ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছে। পুরনিগম গত চার বছরে কুকুর বন্ধ্যাকরণের নামে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করেছে। ৪০ লক্ষ টাকা খসিয়েও শহরে একটিও পথকুকুর কমেনি, উল্টে কামড়ের ঘটনা লাফিয়ে বেড়েছে।
প্রশাসনের পদক্ষেপ
বিক্ষোভের মুখেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাশিরাম বাডোলের হাতে লিখিত স্মারকলিপি তুলে দেন কুকুরের পোশাক পরিহিত ওই ব্যক্তি। অভিযোগে স্পষ্ট দাবি করা হয়েছে, অবিলম্বে পথকুকুর বন্ধ্যাকরণের খরচের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে, ক'টি কুকুরের অস্ত্রোপচার হয়েছে তার অডিট করতে হবে এবং প্রশাসনিক দুর্নীতিতে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চালাতে হবে। এডিএম কাশিরাম বাডোলে অবশ্য আশ্বাস দিয়ে জানান, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে। ততক্ষণে অবশ্য কুকুরের পোশাক পরা ওই ব্যক্তির ভিডিও সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ঘটনাটি আমোদ জোগালেও শহরের বাসিন্দাদের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল এই নজিরবিহীন বিক্ষোভ।


