রাঁচিতে ঘটল অবাক করার মতো ঘটনা। মদের দোকানে ঢুকে একটি মদের বোতল থেকে মদ খেয়ে নেশা হয়ে গেল বাঁদরের। তারপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। শুক্রবার ওরমাঞ্জির ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
রাঁচিতে ঘটল অবাক করার মতো ঘটনা। আচমকাই মদের দোকানে ঢুকে পড়ল একটি বাঁদর। এরপর দোকানে রাখা একটি মদের বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়ে সে। শুক্রবার ওরমাঞ্জির ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এই ঘটনা ঘটে। বাঁদরের কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।জানা গিয়েছে, আচমকাই ওই মদের দোকানের ভিতরে ঢুকে পড়ে বাঁদরটি। প্রথমে তাকে দেখে হতবাক হয়ে যান দোকানে থাকা লোকজন। বাঁদরটিকে দোকান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন দোকানদার। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়তে হয় তাঁকে। অভিযোগ, দোকানদারকে কামড়ে দেয় বাঁদরটি। এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে দোকানদার-সহ অন্যরা বাইরে চলে আসেন।
দোকানের ভিতরে তখন একাই ছিল বাঁদরটি। কিছুক্ষণ পর দোকানে রাখা মদের একটি বোতল তার নজরে আসে। এরপর বোতলটি নিয়ে মদ পান করতে শুরু করে সে। বেশ কিছুক্ষণ মদ খাওয়ার পর দোকানের মধ্যেই শুয়ে পড়ে বাঁদরটি। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর ওই মদের দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। মদ্যপ অবস্থায় দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা বাঁদরকে দেখতে বহু মানুষ সেখানে হাজির হন। কেউ কেউ মোবাইল ফোনে গোটা ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখেন। পরে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বাঁদরটিকে নিয়ে পরিস্থিতি সামলাতে পরে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। দোকানের ভিতর থেকে বাঁদরটিকে নিরাপদে বের করে আনার চেষ্টা শুরু করেন তাঁরা। এই অদ্ভুত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মদের দোকানে বাঁদরের ঢুকে পড়া এবং সেখান থেকে মদ পান করে ঘুমিয়ে পড়ার ঘটনা দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
