Rajasthan Farmer Buried Cash: জমানো টাকা যাতে চুরি না হয় বা অকারণে খরচ না হয়ে যায়, তাই বুদ্ধি করে নিজের পাঁচ বিঘা জমিতে পাঁচ লাখ টাকা পুতে রেখেছিলেন তিনি। বিপদে-আপদে ওই গচ্ছিত অর্থই পরিবারকে বাঁচবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় এক। যাকে বলে, বিধিবাম!

Rajasthan Farmer Buried Cash: জমানো টাকা যাতে চুরি না হয় বা অকারণে খরচ না হয়ে যায়, তাই বুদ্ধি করে নিজের পাঁচ বিঘা জমিতে পাঁচ লাখ টাকা পুতে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন, বিপদে-আপদে ওই গচ্ছিত অর্থই পরিবারকে বাঁচবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় এক। যাকে বলে, বিধিবাম! ঠিক কোথায় টাকাটা রেখেছিলেন, তা বেমালুম ভুলে যান গৃহকর্তা। যখন বেশ কিছু দিন পর সেই লুকোনো ক্যাশের খোঁজ মিলল, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকখানি। মাটির নিচে থাকা পলিথিনের ব্যাগ কেটে কড়কড়ে ৫০০ টাকার নোটগুলো ঝাঁঝরা করে দিয়েছে উইপোকার দল!

কীভাবে ৫ লক্ষ টাকা পান

ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভালোত্রা জেলার নেভাই গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মাঙ্গি লাল মেঘওয়াল গত বছর পাঁচপাদ্রা এলাকায় নিজের একটি জমি বিক্রি করে নগদ পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন। ইচ্ছা ছিল, নিজের কৃষিজমিতে একটি পাকা ঘর তৈরি করবেন। পরিবারে স্ত্রী ও ছেলেরা রয়েছেন। কিন্তু মাঙ্গি লালের ভয় ছিল, ঘরে অত টাকা ক্যাশ রাখলে হয়তো চুরি হয়ে যেতে পারে, নয়তো ছকে বাঁধা পরিকল্পনার বাইরে গিয়ে উবে যেতে পারে টাকা। তাই কাউকে কিছু না জানিয়ে একটি পলিথিনের ব্যাগে নগদ টাকা পুরে নিজের জমিতে গর্ত খুঁড়ে পুঁতে দেন তিনি।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কোথায় টাকার ব্যাগ পোঁতেন

তবে মাঙ্গি লালের ভুলোমনা স্বভাব এবং অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কারণে কিছু দিনের মধ্যেই বিপত্তি ঘটে। ঠিক কোন জায়গায় ব্যাগটি পুঁতেছিলেন, তা একদমই মনে করতে পারছিলেন না তিনি। শেষমেশ উপায় না দেখে নিজের স্ত্রী ও ছেলেদের কাছে পুরো বিষয়টি খোলসা করেন। প্রথমে মাঙ্গি লালের কথা বিশ্বাস না হলেও, পরে পুরো ১০ বিঘা জমি জুড়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও সেই ব্যাগের সন্ধান মেলেনি।

ব্যাগ খুলতেই মাথায় বাজ

সম্প্রতি এলাকায় বৃষ্টি হওয়ার পর জমি চাষের উপযুক্ত করতে মাটির হাল ফেরানোর কাজ শুরু হয়। তখনই অলৌকিক ভাবে মাটির তলা থেকে উঠে আসে সেই প্লাস্টিকের ব্যাগটি। পরদিন সকালে জমিতে বেড়া দেওয়ার কাজ করার সময় মাঙ্গি লালের স্ত্রী ও ছেলের চোখে পড়ে সেটি। কিন্তু ব্যাগ খুলতেই মাথায় বাজ ভেঙে পড়ে তাঁদের! ভিতরে থাকা ৫০০ টাকার নোটের বান্ডিলগুলোর বারোটা বাজিয়ে দিয়েছে উইপোকা। পচে যাওয়া আর কুচোনো কাগজের টুকরো ছাড়া অবশিষ্ট আর কিছুই ছিল না সেখানে।

কী বলল ব্যাঙ্ক

সর্বস্ব হারিয়ে এর পর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার স্থানীয় পাঁচপাদ্রা শাখায় ছোটেন তাঁরা, যদি কোনোভাবে নোটগুলো বদলানো যায়। কিন্তু নোটের যা অবস্থা, তাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে এই নোট নেওয়া সম্ভব নয়। এর পর ভালোত্রার মূল শাখায় গিয়েও একই উত্তর মেলে। পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে নিজের ভুলেই এখন ঘটিবাটি বেচে বসার জোগাড় রাজস্থানের এই কৃষকের।