রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই এনিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যদিও তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী।

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই এনিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যদিও তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ভোটের আগেই বাংলায় আসতে পারে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাহিনী আসা বাংলায় নতুন কিছু নয়। ভোটের আগে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকাগুলিতে মানুষের মনোবল বৃদ্ধি করতেই আধাসেনা নিয়ে আসা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অতি স্পর্শকাতর এলাকাগুলিতেই বাহিনী

সম্প্রতি, রাজ্যে স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ও এলাকা চিহ্নিত করতে প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছিল কমিশন। ভোটে হিংসার ইতিহাস ও দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে জেলাগুলিকে। গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর জেলাগুলির রিপোর্ট জমা পড়বে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তারপর তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে। বিধানসভা নির্বাচনে মোট কত সংখ্যক বাহিনী প্রয়োজন তা তারপরই ঠিক হবে। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে অর্থাৎ ভোট ঘোষণার আগে মূলত অতি স্পর্শকাতর এলাকাগুলিতেই বাহিনী আসছে।

দ্বিগুণ বাহিনী

বাংলার ভোটে হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট সাতটি জেলাকে অতি স্পর্শকাতর বলে মনে করছে কমিশন। সেগুলি হল-কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম। জানা যাচ্ছে, এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের করা হতে পারে। অতীতের চারটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা। যার মধ্যে রয়েছে ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ভোটের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মিলবে, সেটির ভিত্তিতেই স্থির হবে ভোটের দফা। ২০২১ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে।

গত নির্বাচনগুলিতে এই সাত জেলাতেই বেশিরভাগ হিংসার ঘটনা ঘটেছে বলে কমিশনের খাতায় উল্লেখ রয়েছে। ফলে ভোটের আগে বাহিনী নিয়োগ হলে এই জেলাগুলিতেই বেশি সংখ্যায় আধাসেনা আসবে বলে জানা যাচ্ছে।