৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।

৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।

এই আসনগুলি কোন রাজ্যের?

১০টি রাজ্য থেকে মোট ৩৭টি রাজ্যসভার আসন খালি হচ্ছে। মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যক আসন রয়েছে (৭টি), তারপরে রয়েছে তামিলনাড়ু এবং বিহার (৬টি করে), পশ্চিমবঙ্গ (৫টি), ওড়িশা (৪টি), আসাম (৩টি), তেলঙ্গনা, ছত্তিশগড় এবং হরিয়ানা (২টি করে) এবং হিমাচল প্রদেশ (১টি)। এপ্রিল মাসে সদস্যদের অবসর গ্রহণের কারণে এই আসনগুলি খালি হবে।

বাংলায় কার কার মেয়াদ শেষ হচ্ছে?

পশ্চিমবঙ্গের যে ৫ জন রাজ্যসভা সদস্যের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁরা হলেন তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে যাওয়া মৌসম নুর এবং সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে সকলেরই মেয়াদ ফুরোচ্ছে। এই পাঁচ আসনেই নির্বাচন হবে ১৬ মার্চ। বিধানসভায় বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে পাঁচ আসনের মধ্যে চারটিতে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত। একটি আসনের জন্য নিজেদের মনোনীত প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে বিজেপি।

পুরো সূচি দেখুন

২৪৫ সদস্যের রাজ্যসভার মধ্যে ২৩৩টি নির্বাচিত হয় এবং এই নির্বাচনগুলি ছয় বছরের চক্রের অংশ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিটার্নিং অফিসার নিয়োগের জন্য এই রাজ্যগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন রাজ্যসভা নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করেছে। রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ২৬ ফেব্রুয়ারি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ মার্চ, এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ ১৬ মার্চ। সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরে, ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা একই দিনে বিকেল ৫টা থেকে শুরু হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ২০ মার্চ। এই নির্বাচনগুলি রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা পরিচালিত হয়। অতএব, এগুলি বিধায়কদের সংখ্যা এবং দলগুলির শক্তির উপর নির্ভর করবে।