ভোটের আগেই রাজ্যে আসছে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি বাহিনী আসছে।
ভোটের (West Bengal Assembly Election 2026) আগেই রাজ্যে আসছে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। এই বাহিনী আসবে ২ দফায়। ১ এবং ১০ মার্চ দু’দফায় বাহিনী পৌঁছবে রাজ্যে। আপাতত অতি স্পর্শকাতর এলাকাগুলিতে বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আগে আসেনি।
কোন কোন বাহিনী কবে আসছে
স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি CRPF, ৪৪ কোম্পানি BSF, ২১ কোম্পানি CISF, ২৭ কোম্পানি ITBP এবং ২৭ কোম্পানি SSB পাঠানো হচ্ছে। এই সংখ্য়া মোট ২৪০ কোম্পানি। আর বাকি বাহিনী আসবে ১০ তারিখ। তার মধ্যে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরের দিন কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাহিনী আসা বাংলায় নতুন কিছু নয়। ভোটের আগে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকাগুলিতে মানুষের মনোবল বৃদ্ধি করতেই আধাসেনা নিয়ে আসা হয়। স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ও এলাকা চিহ্নিত করতে প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছিল কমিশন। ভোটে হিংসার ইতিহাস ও দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলা হয় জেলাগুলিকে।
রেকর্ড সংখ্যায় বাহিনী আসতে পারে
হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট সাতটি জেলাকে অতি স্পর্শকাতর বলে মনে করছে কমিশন। সেগুলি হল-কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম। জানা যাচ্ছে, এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের করা হতে পারে। অতীতের চারটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা। যার মধ্যে রয়েছে ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ভোটের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মিলবে, সেটির ভিত্তিতেই স্থির হবে ভোটের দফা। ২০২১ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে।
