Pratik ur Rahman News: বিধানসভা ভোটের আগে দলবদল। বাম ছেড়ে তরুণ তুর্কি যোগ দিতে চলেছেন ঘাসফুলে। তার এই দলবদলের জল্পনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কী এবার বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন প্রতীক-উর? জানুন বিশদে…
Pratik ur Rahman News: বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি 'প্রতীক-উর-ময়'। দলের সঙ্গে কাজের মিল না পাওয়ায় আগেই পদ থেকে দিয়েছিলেন ইস্তফা। আর শনিবার ২১ ফেব্রুয়ারি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিতে চলেছেন সিপিএমের যুবনেতা প্রতিকুর রহমান। সূত্রের খবর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারে প্রতীক। সদ্য সিপিএমের রাজ্য কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এদিকে প্রতীক উরের দল বদল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার ছিলো সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের শেষ দিন। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, ''আসলে তৃণমূল নিজের নীতি নৈতিকতার উত্তরণের জন্য সিপিএমের তরুণ নেতাদের টার্গেট করছে।'' তিনি আরও জানান যে, আসলে সিপিএমের তরুণ নেতাদের টার্গেট করা, আসলে যে সিপিএমের নৈতিক জয়, সেটারও ব্যাখ্যা করলেন তিনি। কিন্তু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই। কারণ এক্ষেত্রেও নাম নিলেন না প্রতীক-উরের। তাঁর বক্তব্য, ''প্রতিকুরের আজ যে ব্র্যান্ড ভ্যালুটা সিপিআইএমের জন্য হয়েছে। প্রতিকুর বৈঠকে আসেনি,আমি বিষয়টা উপত্থাপিত করেছি,বলেছি এটা বেদনাদায়ক। আমাদের কাছে এইসব কর্মী সন্তান হারানোর মতো।''
কী বলেছেন মহম্মদ সেলিম?
''মিলিনিয়াম ডলার খরচ করে বামপন্থীদের নিকেশ করা হয়। সাম্রাজ্যবাদী শক্তির মন পসন্দ সরকার না হলে ধ্বংস করা হয়। নতুন নেতানেত্রী অন্য কোনও দলের কাছে নেই,যা আছে কেনা। এসএফআইয়ের নাম মুছে দেবে বলেছি,পারেনি। আমরা বাম বিকল্প,কেউ কেউ মমতার মধ্যে লেনিন দেখেছে,কেউ কেউ মমতার পয়সায় লেনিনের ছবি লাগায়। শুভেন্দু-মমতার মাওবাদীদের হাতে যদি সিপিআইএম শেষ না হয়ে থাকে,একটা পেশাদার সংস্থার ক্রিপ্টে সিপিআইএমের যৌবন শেষ হয়ে যাবে?''
সাংবাদিকদের কলার খোসা দেখানোর বিতর্কের জবাব সেলিমের:-
ছাব্বিশের ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে কোন্দল। সিপিএমের যুবনেতা পদ থেকে ইস্তফা। প্রতীক-উরের বিদ্রোহ এখন সংবাদ শিরোনামে। এরই মধ্যে প্রতিক প্রশ্নে মেজাজ হারিয়ে সাংবাদিকদের কলার খোসা দেখালেন মহম্মদ সেলিম? কিন্তু কেন? ঠিক কী ঘটেছে-কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে 'গো ব্যাক' স্লোগানের মুখে পড়তে হয় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কলার খোসা দেখিয়ে গাড়ির কাচ বন্ধ করে দিয়েছিলেন তিনি। এহেন আচরণে ব্যাপক ট্রোলড হতে হয় লাল পার্টির বর্ষীয়ান নেতাকে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম। তবে দিলেন দায়সারা উত্তর। তিনি বলেন, ''আমি কলার খোসা দেখাইনি,বুম বাড়িয়েছিল, আমি কাঁচ নামিয়ে বলেছিল সরো এটা ফেলতে হবে।''
উল্লেখ্য, কেন প্রতিকুরকে ধরে রাখতে চাইছে বামেরা? তার কারণ অনেক। প্রথমত প্রতীক-উরের লড়াকু মানসিকতা। দ্বিতীয়ত, শ্রেণির নেতা। কেন? তার কারণ, সিপিএম যে শ্রেণির কথা বলে অর্থাৎ, সেই প্রান্তিক পরিবার থেকেই উঠে এসেছেন প্রতিকুর রহমান। নিজের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। যথেষ্ট কষ্ট করেই সংসার চলে। তবুও পার্টি ছাড়েননি এতদিন। দায়িত্ব সামলেছেন সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর প্রাক্তন সভাপতি হিসেবেও।
তাও একবার নয়, দুবার। তরুণ প্রজন্মের কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। রাস্তায় নেমে একাধিকবার লড়াইতে একেবারে সামনের সারিতে দেখা গেছে প্রতিকুরকে। লড়াকু নেতার পাশাপাশি বামেদের হয়ে ডায়মন্ডহারবারের মতো হেভিওয়েট লোকসভা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেও পিছুপা হননি তিনি। আর এবার শোনা যাচ্ছে সূত্র মারফত খবর, ডায়মণ্ডহারবারের সাংসদের হাত ধরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন সদ্য বাম ত্যাগী প্রতীক-উর রহমান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


