Abdur Razzak Jalangi: ভোটের একেবারে দিন সাতেক আগে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল। টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিলেন রাজ্জাক। তাঁর দাবি, এবার ডোমকল মহকুমার সব কটি আসনেই তৃণমূল হারতে চলেছে।

Abdur Razzak Jalangi: ভোটের একেবারে দিন সাতেক আগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল। টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিলেন আব্দুর রাজ্জাক মণ্ডল। তাঁর দাবি, এবার ডোমকল মহকুমার সব কটি আসনেই তৃণমূল হারতে চলেছে। রাজ্জাকের অভিযোগ, আইপ্যাক বিভিন্নভাবে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি রাজি হননি বলেই তাঁকে দল থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ তাঁকেই অস্বচ্ছ বলে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, জলঙ্গিতে এবার তিনবারের বিধায়ক রাজ্জাককে সরিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ বাবর আলি-কে টিকিট দিয়েছে তৃণমূল। সম্প্রতি সেখানকার এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্জাক মণ্ডলের নামে অস্বচ্ছতার কারণে তাঁকে টিকিট দেওয়া হয়নি। প্রসঙ্গত, ২০১১ নির্বাচনে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন রাজ্জাক। তারপর তিনি তৃণমূলে যোগ দিয়ে ২০১৬ ও ২০২১ নির্বাচনে জয়ী হন। রাজ্জাক বলেন, "জলঙ্গিতে আমিই তৃণমূলকে দাঁড় করিয়েছি। অথচ আমাকেই বদনাম করা হল।"

রাজ্জাকের কাঠগড়ায় তৃণমূলের সৌমিক হোসেন

আব্দুর রাজ্জাক বলেন, ডোমকল মহকুমার তিনটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হবে। আর এই পরাজয়ের দায় ভবিষ্যতে তাঁর ওপর চাপানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। রাজ্জাক মণ্ডল আক্ষেপের সুরে বললেন,"আমার দুঃখ একটাই, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জলঙ্গির সাদিখাঁরদিয়াড়ে অনুষ্ঠিত জনসভায় বলেছেন, আমার নামে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, সেই কারণে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই মন্তব্য আমার ৪৩ বছরের রাজনৈতিক জীবনকে কলুষিত করেছে।"প্রার্থী হতে না পারার জন্য রাজ্জাক সরাসরি দায়ী করলেন রানিনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনকে। দল ছাড়া তৃণমূলের বিদায়ী বিধায়কের অভিযোগ, "সৌমিক হোসেন নিজেকে ডোমকল মহকুমার সবচেয়ে বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সেই কারণেই বেলডাঙ্গা থেকে বাবর আলি এবং ডেবরা থেকে হুমায়ুন কবিরকে-জলঙ্গি সহ বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। যদি তাঁরা জিতেও যায় তো, এখানে থাকবে না। তাদের অবর্তমানে সৌমিক শাসন করবে বলে দাবি রাজ্জাকের। এমনকী ডোমকল মহকুমার তিন আসনেই তৃণমূল হারবে বলেও দাবি তাঁর। এর জবাবে সৌমিক হোসেন জানান,"টিকিট দেওয়ার আমি কেউ নই, উনি প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম বলছেন।"

এবার কোন পথে

বুধবার রাতে এক সাংবাদিক বৈঠকে আব্দুর রাজ্জাক নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রানিনগর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী পিছিয়ে থাকলেও সৌমিককে ডোমকল মহকুমার কো-অর্ডিনেটর করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে জলঙ্গি থেকে তাঁকে প্রার্থী না করা নিয়ে ব্যক্তিগত ক্ষোভ নেই বলেই জানান তিনি, যদিও দলের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্যে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তৃণমূল ছেড়ে এবার তাহলে কোন দলে যোগ দেবেন? এই প্রশ্নের জবাব এখনই দিতে চান না বলে জানিয়েছেন রাজ্জাক মণ্ডল।