Burdwan News: সরকারি স্কুলে ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগে ধুন্ধুমার। কোথায় ঘটেছে এই ঘটনা? ঠিক কী কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Burdwan News: সরকারি স্কুলে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ—বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল ঘিরে তীব্র চাঞ্চল্য। সরকারি স্কুলে ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগে উত্তাল বর্ধমান শহর। বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুলকে কেন্দ্র করে উঠে এল গুরুতর অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে স্কুলের এক নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শহরজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী অভিযোগ উঠেছে? 

বর্ধমান শহরের বাসিন্দা মুনিয়া কোলে অভিযোগের সুরে জানান, তাঁর মেয়েকে ওই সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য প্রথমে ২৫ হাজার টাকা দাবি করা হয়। তিনি জানান, গত ডিসেম্বর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে অভিযুক্তের হাতে ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার ফোন করা হলেও ভর্তির বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

অভিযোগকারীর দাবি, পরে তাঁকে জানানো হয় যে মার্চ মাসে ভর্তি করানো হবে, তবে তার জন্য বাকি ২০ হাজার টাকা দিতে হবে। মুনিয়া কোলের অভিযোগ, তাঁর মেয়ের ভর্তির নাম করে ধারাবাহিকভাবে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত স্কুলের নিরাপত্তা রক্ষী অমিতচুন রায় নিজেই স্বীকার করেন যে, তিনি একজনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন ভর্তি করিয়ে দেওয়ার নাম করে। তাঁর এই স্বীকারোক্তি ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। বর্ধমান থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সরকারি স্কুলে ভর্তির মতো সংবেদনশীল বিষয়কে ঘিরে এই অভিযোগ প্রশাসনিক ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অভিভাবকদের একাংশের দাবি, বিষয়টির নিরপেক্ষ ও কড়া তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ঘটনার পর বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।