Amit Shah: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র করছেন। শাহের দাবি, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির আসলে মমতারই 'এজেন্ট' এবং তাঁর ইশারাতেই চলছেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে দলের কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। অমিত শাহ অভিযোগ করেন, আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির শপথ নিয়েছেন, তিনি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই "এজেন্ট" এবং তাঁর "ইশারাতেই" চলছেন।

বাবরি মসজিদ ইস্যুতে সরব অমিত শাহ

গঙ্গারামপুরের এক জনসভায় অমিত শাহ বলেন, "দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) হুমায়ুন কবিরকে পাশে রেখে এখানে একটা বাবরি মসজিদ বানাতে চান। দিদি, বাংলায় বিজেপি সরকার আসছে, আর আমরা বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি হতে দেব না।"

তিনি আরও যোগ করেন, "হুমায়ুন কবির দিদির নিজের এজেন্ট, আর দিদির ইশারাতেই উনি বাবরি মসজিদ বানাচ্ছেন। কিন্তু দিদি, আপনার সময় শেষ। এখানে বিজেপি সরকার আসছে, আর এখানে বাবরি মসজিদ বানানো যাবে না।"

হুমায়ূন ইস্যু

বাবরি মসজিদ বিতর্ককে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি নিজের দল 'আম জনতা উন্নয়ন পার্টি' গঠন করেন এবং পশ্চিমবঙ্গের ভোটে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ার কথা ঘোষণা করেন।

SIR প্রসঙ্গ

এরপর মালদায় একটি জনসভায় অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরোধিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তাঁর অভিযোগ, মমতা রাজ্যে "অবৈধ" অনুপ্রবেশকে "সমর্থন" করছেন।

শাহ বলেন, "নির্বাচন কমিশন SIR করছে। অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কাঁদছেন। দিদির সময় শেষ। মানুষ তাঁকে বাই-বাই বলছে। বিজেপি দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে দেবে।"

অনুপ্রবেশ সমস্যা মোকাবিলায় অমিত শাহ আশ্বাস দেন যে, বিজেপি সরকার ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৬০০ একর সীমান্ত জমি বরাদ্দ করবে।

অমিত-প্রতিশ্রুতি

অমিত শাহের প্রতিশ্রুতি, "আমরা ঠিক করেছি, বিজেপি সরকার তৈরি হলে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে ৬০০ একর জমি দরকার, সেটা আমরা ভারত সরকারকে দিয়ে দেব এবং সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করব।"

শাহ মালদার আম চাষিদের প্রত্যেক ব্লকে একটি করে হিমঘর তৈরির প্রতিশ্রুতিও দেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আম চাষিদের উন্নতির জন্য হিমঘরের দরকার ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। বিজেপি সরকার বানান, আমরা প্রত্যেক ব্লকে হিমঘর তৈরি করে আপনাদের জন্য কাজটা করে দেব।"

পশ্চিমবঙ্গে ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে এবং বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে ৪ মে।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোরদার লড়াই হতে চলেছে। তৃণমূল যেখানে টানা চতুর্থবার ক্ষমতায় আসার চেষ্টা করছে, সেখানে বিজেপি গত নির্বাচনে ভালো ফল করার পর এবার সরকার গড়ার লক্ষ্যে ঝাঁপিয়েছে।