আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য পাঁচটি বড়সড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। স্বাস্থ্য, শিক্ষা, কৃষক, যুবসমাজ এবং মহিলাদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এই প্রতিশ্রুতিগুলিকে তিনি কংগ্রেসের 'রোডম্যাপ' বলে উল্লেখ করেছেন। 

আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য দলের পাঁচটি গ্যারান্টির কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে তিনি এই প্রতিশ্রুতিগুলির কথা জানান। তাঁর মতে, এটাই পশ্চিমবঙ্গের জন্য কংগ্রেসের ভবিষ্যৎ ‘রোডম্যাপ’।

রাহুল জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে স্বাস্থ্য, শিক্ষা, কৃষক, যুবক-যুবতী এবং মহিলাদের জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্যখাতে কংগ্রেসের প্রতিশ্রুতি:

রাহুল জানিয়েছেন, "১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা দেওয়া হবে। জেলা হাসপাতালগুলিতে বিনামূল্যে ডায়ালিসিস এবং ক্যানসারের চিকিৎসার ব্যবস্থা করা হবে।"

শিক্ষাক্ষেত্রে যা থাকছে:

শিক্ষার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন, "ছাত্রছাত্রীদের জন্য স্নাতক স্তর পর্যন্ত এবং মহিলাদের জন্য স্নাতকোত্তর (PG) পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।" এছাড়াও, "স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ইংরেজি শিক্ষার উপর জোর দেওয়া হবে।"

কৃষকদের জন্য:

রাহুল গান্ধী "চাষিদের জন্য বছরে ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা এবং ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ" দেওয়ার গ্যারান্টি দিয়েছেন।

যুবসমাজের জন্য:

কংগ্রেস নেতা বলেন, "সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি, গ্যারান্টি সহকারে ইন্টার্নশিপের সুযোগ এবং জেলা স্তরে AI স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হবে।"

মহিলাদের জন্য:

রাহুল গান্ধী আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, "মহিলাদের মাসে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।"

এই প্রতিশ্রুতিগুলির কথা উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান। তিনি বলেন, "ন্যায় ও প্রগতির পক্ষে থাকতে কংগ্রেসকে ভোট দিন।"

এর আগে দিনের বেলায় রাহুল গান্ধী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, বাম এবং তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিল্প ক্ষেত্র "শেষ হয়ে গেছে"।

TMC-BJPকে আক্রমণ রাহুলের

পশ্চিমবঙ্গের রায়গঞ্জের এক জনসভায় তিনি বলেন, "একসময় বাংলা ছিল শিল্পের কেন্দ্র। প্রথমে কমিউনিস্টরা এবং এখন তৃণমূল বাংলার শিল্পকে শেষ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দুর্নীতিগ্রস্ত বটেই, কিন্তু দুর্নীতির দৌড়ে তৃণমূলও পিছিয়ে নেই। সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে ১৭ লক্ষ বিনিয়োগকারীর ১,৯০০ কোটি টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে ৩১ লক্ষ বিনিয়োগকারীর ৬,৬০০ কোটি টাকা এখনও ফেরত মেলেনি।"

উল্লেখ্য, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হলেন এলাকার বর্তমান বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির টিকিটে জিতলেও পরে তৃণমূলে যোগ দেন। এই আসনটি পুনরুদ্ধারের জন্য বিজেপি কৌশিক চৌধুরীকে প্রার্থী করেছে।

গত নির্বাচনে একটিও আসন জিততে না পারা কংগ্রেস, এবার তৃণমূল ও বিজেপির এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজেদের জায়গা ফিরে পেতে মরিয়া।