ভোটের একেবারে মুখে তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি রাজ্যের শাসকদল। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে। দলের বিরুদ্ধে নানা ইস্যুতে তিনি সরব হয়েছেন।

ভোটের একেবারে মুখে তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি রাজ্যের শাসকদল। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে। দলের বিরুদ্ধে নানা ইস্যুতে তিনি সরব হয়েছেন। তাঁর দাবি, ২০২১ সাল দলের কঠিন সময়ে যারা দল করেছে তাঁদের টিকিট দেওয়া হয়নি। উল্টে এতদিন দলের বিরোধিতা করা লোকজনকে টিকিট দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রহিম লিখছেন, "আমি সবসময় সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ ও বাস্তবতার মধ্যে যে গভীর ফারাক তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। বারবার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় আমি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত। আমি কখনও আপোসের রাজনীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমার পিতার আদর্শ আমাকে শিখিয়েছে—অন্যায়ের সঙ্গে আপোস নয়, সত্যের পথেই অটল থাকা। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম । আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব—এটাই আমার অঙ্গীকার।"

এদিকে আজই বসিরহাট সাংগঠনিক জেলার সন্দেশখালিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগেই আচমকা আব্দুর রহিমের দল ছাড়ার ঘোষণায় বসিরহাটে রাজনৈতিক জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার বসিরহাটে তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল বড় চমক। ৭ আসনে ৬টিতেই বাদ পড়েছেন বর্তমান বিধায়করা। বাদুড়িয়ায় দলের হয়ে লড়াইয়ের ময়দানে বুরহানুল মুকাদ্দিম লিটন। সন্দেশখালি বিধানসভায় সুকুমার মাহাতোকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে ঝর্ণা মণ্ডলকে। হিঙ্গলগঞ্জেও পরিবর্তন, সেখানে দেবেশ মণ্ডলের জায়গায় দলের নতুন মুখ আনন্দ সরকার। বসিরহাট উত্তর কেন্দ্রে রফিকুল ইসলামের পরিবর্তে এবার লড়বেন তৌসিফ রহমান। হাড়োয়া কেন্দ্রে দলের দীর্ঘদিনের বিধায়ক শেখ রবিউল ইসলামকে সরিয়ে প্রার্থী করা হয়েছে আব্দুল মাতিনকে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায়ের বদলে এবার টিকিট দেওয়া হয়েছে সুরজিৎ মিত্র ওরফে বাদলকে।