বরানগরের বিটি রোডে একটি ট্রাকের ধাক্কায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর ছড়িয়ে থাকা স্টোনচিপসের কারণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উত্তর ২৪ পরগনার বরানগরে শনিবার সকালে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুর। বাবার সঙ্গে স্কুটারে করে যাওয়া পথে ট্রাকের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত দুই শিশুর নাম আরাধ্যা সাউ, বয়স মাত্র ৯। অন্যজন অরভ সাউ। বয়স মাত্র ৬। দুজনেই ডানলপের কাছে একটি বেসরকারি স্কুলে পড়ত। তবে দুর্ঘটনার কারণ নিয়ে রীতিমত উদ্বিগ্ন প্রশাসন।

দুর্ঘটনার কারণ

বরানগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা ছিল। যার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ওপর ফেলা ছিল স্টোনচিপস। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল স্কুটারটি। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে স্কুটারটি ধাক্কা খায়। সেই সময়ই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই শিশুর। তিনজনের কারো মাথাতেই হেলমেট ছিল না।

দুর্ঘটনার খবর পেয়েই বরানগর থাকার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে। আহত অবস্থায় দুই শিশুর বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছএ। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি দুর্ঘটনার অন্যতম কারণ কিনা তাও খতিয়ে দেখছে।

২০১৬ সালে বরাহনগরের সবেদাবাগান বাসস্টপের কাছে বিটি রোডে একটি বেপরোয়া বাস স্কুটারকে ধাক্কা মারায় ডানলপের ওই একই স্কুলের দুই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। প্রায় এক দশক পর সেই স্কুলেরই দুই পড়ুয়ার প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ স্কুল।