Basirhat Tmc News: ভোটের মুথে শাসক শিবিরের এক নেতার বাড়ি থেকে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা। ঘটনার খবর চাউর হতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Basirhat Tmc News: নির্বাচনী নির্ঘন্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বিধানসভা ভোটের আবহে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সক্রিয় তৃণমূল কর্মী মুজিবর মোল্লার বাড়ি থেকে বাইশটি তাজা বোমা উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। 

তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা:-

গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে ওই তৃণমূলের সক্রিয় কর্মী মুজিবর মোল্লার বাড়িতে হানা দেয়। সেখান থেকে বাইশটি বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়িতেই এই বোমা মজুত করে রাখা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান ওই বাড়ির ভিতরেই বোমা তৈরি করা হয়েছিল। কারণ, অভিযুক্তের বাড়ির ভিতরে বোমা তৈরির মসলা রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় বোমগুলি নিস্ক্রিয় করাতে বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। ভোটের মুখে মজুত করা বোমা কী কাজে ব্যবহার করা হতো তা জানতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। 

এদিকে, সন্দেশখালিতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে শাসক শিবির। 

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি বিধানসভার নেজাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারী গ্ৰামের ঘটনা। (১০৩ নং বুথ) ফেরীঘাটের কাছে বিজেপি কর্মী নিরঞ্জন মন্ডলের বাবার দোকানটি সোমবার গভীর রাতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে। এর ১৫ দিন আগে বিজেপি কর্মী মৃনাল মন্ডলের বাড়িতে ৮-৯ লক্ষ টাকার সোনার গয়না চুরি যায় বলেও অভিযোগ উঠেছে। 

 এই বিষয়ে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাস বলেন, ‘’ইচ্ছাকৃতভাবে তৃণমূল এসব করে কোনঠাসা করার চেষ্টা করছে। মানুষের জবাব দেবে। তৃণমূল এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তৃণমূলের পাল্টা মার বিজেপিও দিতে পারে। প্রশাসনের কাজে আবেদন নিরপেক্ষ তদন্ত করুন।'' তিনি আরও বলেন যে, ‘’যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে তৃণমূলের গ্ৰামসভার মহিলা মেম্বার ৪ জন বিজেপি কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা শ্লীলতাহানির মামলা করেছে। এইভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে কোনঠাসা করার চেষ্টা করছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, এর সঙ্গে কোনও ভাবেই তৃণমূল কর্মী সমর্থকরা জড়িত না। সন্দেশখালি থানারপুলিশ তদন্ত করছে পুরো বিষয়টা সামনে আসবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।