West Bengal News: রাজনৈতিক দ্বন্দ্ব, হিংসা, হানাহানির জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড়। এবার সেই ভাঙড়েই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চরম অরাজকতার অভিযোগ উঠে এল। এই অভিযোগ ঘিরে ভাঙড়ে তোলপাড় শুরু হয়েছে।
KNOW
Healthcare News: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে অবস্থিত ভাঙড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান অবস্থা কার্যত বেহাল। যে স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে গত পঞ্চায়েত নির্বাচনের সময় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, আজ সেখানে চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন থাকলেও, চারপাশ জুড়ে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চিকিৎসা পরিষেবা নিতে আসছেন স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষজন। কারও জ্বর, কারও গ্যাসের সমস্যা—রোগীরা ভরসা করে ছুটে এলেও এখানে নেই কোনও অ্যালোপ্যাথি ডাক্তার বা ফার্মাসিস্ট। তবে চিকিৎসা যে একেবারেই হচ্ছে না, তা নয়। আশ্চর্যের বিষয়, ওষুধ দেওয়া থেকে শুরু করে চিকিৎসা, রেজিস্টার মেনটেন, এমনকী প্রাথমিক নার্সিং পরিষেবাও সামলাতে হচ্ছে একজন গ্রুপ ডি কর্মীকে। সাংবাদিকের প্রশ্নের মুখে ওই কর্মী বলেন, 'ক্যামেরা বন্ধ করুন, সব বলছি।'
চিকিৎসার দায়িত্বে গ্রুপ ডি কর্মী!
এদিন আরও একটি ঘটনা সামনে আসে। রাস্তায় খেলতে গিয়ে হঠাৎ পড়ে যায় এক নাবালক। প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার আশায়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। গ্রুপ ডি কর্মী এসে শিশুটিকে দেখেন এবং পরিস্থিতি বেগতিক বুঝে স্বাস্থ্য কেন্দ্রের এক হোমিওপ্যাথি চিকিৎসককে ডেকে আনতে হয়। ওই হোমিওপ্যাথি চিকিৎসক নিজেকে 'দ্বিতীয় মেডিক্যাল অফিসার' বলে দাবি করে জানান, মাঝে মাঝে তাঁকে ডাকা হয়। যদিও প্রশ্ন উঠছে, হোমিওপ্যাথি চিকিৎসক কীভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন?
কী বলছেন রোগীরা?
রোগীদের বক্তব্য, 'আমরা এখানে এসেছিলাম অ্যালোপ্যাথি চিকিৎসা করাতে। ডাক্তার নেই, তাই বাধ্য হয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছেই চিকিৎসা নিচ্ছি।' একজন রোগী আরও দাবি করেন, ‘চিকিৎসার ফলও পেয়েছি। এখন সুস্থ আছি।’ এই ঘটনাকে ঘিরে বিরোধীদের সুর ক্রমশ চড়লেও, শাসক পক্ষের তরফে এখনও পর্যন্ত মুখে কুলুপ। ভাঙড়ের মতো একটি জনবহুল অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমন অব্যবস্থাপনা প্রশাসনের ভূমিকা নিয়েও বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


