Arjun Singh Noapara BJP Candidate:নোয়াপাড়ায় বাবা, ভাটপাড়ায় ছেলে। বঙ্গে নির্বাচনে এবার বিজেপিতে বাবা-ছেলে প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে অর্জুন সিংকে ভাটপাড়ার বাইরে নিয়ে এসে বিধানসভায় লড়তে দিল বিজেপি।

Arjun Singh Noapara BJP Candidate:নোয়াপাড়ায় বাবা, ভাটপাড়ায় ছেলে। বঙ্গে নির্বাচনে এবার বিজেপিতে বাবা-ছেলে প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে অর্জুন সিংকে ভাটপাড়ার বাইরে নিয়ে বিধানসভায় লড়তে দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির ঘোষিত দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় একাধিক চমকের মধ্য়ে রয়েছেন দাপুটে নেতা অর্জুন সিং। ২০২৪ লোকসভায় বারাকপুর থেকে তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে হারলেও অর্জুন সিংকে গুরুত্ব দিল পদ্ম শিবির। ভাটপাড়ায় ছেলে পবন সিংকে টিকিট দেওয়ার পর দমদমের নোয়াপাড়া থেকে অর্জুনকে দাঁড় করাল পদ্ম শিবির। ভাটপাড়া, জগদ্দলের বাইরে নোয়াপাড়ায় অর্জুনের বেশ ভাল প্রভাব রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই প্রথম ভাটপাড়ার বাইরে বিধানসভা ভোটে লড়বেন অর্জুন

এই প্রথম ভাটপাড়ার বাইরে কোনও কেন্দ্রে বিধানসভা ভোটে লড়বেন অর্জুন। ২০০১ থেকে ২০১৬- প্রতিটি বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বড় ব্যবধানে জিতেছিলেন অর্জুন। ২০১৯-এ লোকসভা ভোটে জিতে বারাকপুরের সাংসদ হওয়ায় ভাটপাড়া থেকে বিজেপির টিকিটে লড়ে জিতেছিলেন তাঁর ছেলে পবন সিং। প্রসঙ্গত, গত দুটি লোকসভা ভোটে যে বারাকপুর লোকসভা থেকে বিজেপির হয়ে লড়েছিলেন অর্জুন, সেই কেন্দ্রেরই একটা বিধানসভা কেন্দ্র হল নোয়াপাড়া।

নোয়াপাড়ায় কি জিততে পারবেন অর্জুন সিং?

২০২৪ লোকসভা ভোটে এখান থেকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১২ হাজার ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। কিন্তু সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ ২৪ হাজারেরও বেশি ভোট পান। ফলে নোয়াপাড়ায় বাম ভোট নির্ণায়ক হতে পারে। তৃণমূলের গত বিধানসভা ভোটে নোয়াপাড়া থেকে ৪৯ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মঞ্জু বসু। সেখানে ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন সুনীল সিং। এবার নোয়াপাড়ায় প্রার্থী বদল করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে তৃণমূল। অর্জুনের কাছ হবে তৃণমূলের গড় ভাঙা। ২০১৬ বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলকে হারিয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মধুসুদন ঘোষ। অন্যদিকে, ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিংয়ের বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে অমিত গুপ্তা-কে। গত বিধানসভা ভোটে ভাটপাড়ায় বড় ব্যবধানে জেতেন বিজেপির পবন সিং।

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক

অর্জুনের পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকায় চমক টালিগঞ্জে অভিনেত্রী পাপিয়া অধিকারী, হাওড়ার শ্য়ামপুরে হিরণ্ময় চট্টোপাধ্য়ায় (হিরণ),মানিকতলায় বর্ষীয়াম নেতা তাপস রায়, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। হিঙ্গলগঞ্জে বিজেপির হয়ে লড়বেন প্রতিবাদী চরিত্র রেখা পাত্র। ২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে বিজেপির হয়ে লড়ে হেরেছিলেন রেখা পাত্র। তবে বসিরহাট লোকসভার মধ্যে থাকা হিঙ্গলগঞ্জে বাকি বিধানসভাগুলির তুলনায় ভাল ভোট পান।

দুই বেহালায় বিজেপি প্রার্থী কারা

বেহালা পূর্বে বিজেপি এবার দাঁড় করাল সুনীল মহারাজ-কে। অন্যদিকে, তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান। গতবার বেহালা পশ্চিম থেকে বিজেপির টিকিটে লড়ে হেরেছিলেন টলিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। বেহালা পূর্ব থেকে পদ্মফুল প্রতীকে লড়ে হেরেছিলেন আরেক টলিউড অভিনেত্রী পায়েল সরকার।