West Bengal Politics: দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের (AITC) শক্তি কম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উত্তরবঙ্গ সফরের আগে উত্তরবঙ্গে শক্তি বাড়ানোর চেষ্টা করছে শাসক দল। কিন্তু এক্ষেত্রে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
KNOW
2026 West Bengal Legislative Assembly Election: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (AITC) প্রার্থী বিদায়ী বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। এক বিজেপি (BJP) কর্মীকে রীতিমতো বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর তৃণমূল কংগ্রেসে যোগদান করানোকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। বুধবার ধুপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়ের হাত ধরে আবারও বিজেপি-তেই যোগ দিলেন সুকুমার মোদক নামে অভিযোগকারী সেই বিজেপি কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় নির্বাচনী প্রচার করেছেন। বৃহস্পতিবার ধুপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা রয়েছে। এখানে বিজেপি বেশ শক্তিশালী। এই কারণেই বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করছিল শাসক দল। কিন্তু সেই চেষ্টা সফল হল না। উল্টে বিতর্ক তৈরি হয়েছে।
ধুপগুড়িতে শক্তি বাড়াল বিজেপি
সুকুমার নামে দলে ফেরা বিজেপি কর্মীর অভিযোগ, মঙ্গলবার তাঁর বাড়ির পাশে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং শাসক দলের কর্মীরা তাঁকে ডেকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তৃণমূল প্রার্থীও এই বিজেপি কর্মীর তাঁদের দলে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু বুধবার ধুপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী আসতেই সেই সভায় এসে আবারও বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন সুকুমার। এছাড়া ধুপগুড়ি ব্লকের গধেদেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের ১৫/১০৪ নং বুথে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ৪০ জন এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হাত ধরে বিজেপি-তে যোগদান করেন। এদিনের কর্মসূচিতে জেলা সম্পাদক মিতালি রায়, মন্ডল সভাপতি পলাশ বসাক, বিজেপি নেতা কমলেশ সিংহ রায়-সহ আরও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
শাসক-বিরোধী তরজা
২৩ এপ্রিল ধুপগুড়িতে প্রথম দফায় ভোটদান। তার আগে বিজেপি কর্মীকে জোর করে শাসক দলে যোগ দেওয়ানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


