2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থাকতেই শাসক দল তৃণমূল কংগ্রেস (AITC) ও প্রধান বিরোধী দল বিজেপি-র (BJP) মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভোটগ্রহণ যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তেমনই এক ঘটনা ঘটেছে।
KNOW
BJP vs AITC: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। রাঙাবেলিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে গোসাবায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার তদন্ত শুরু করছে গোসাবা থানার পুলিশ। বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাঙাবেলিয়ায় দলীয় বৈঠক চলছিল। আচমকা সেই বৈঠকে ঢুকে পড়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। রড-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
অভিষেকের সভার পরেই হামলা
গত রবিবার গোসাবায় গোসাবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মন্ডলের সমর্থনে জনসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি ৪ মে-র বিকেলে বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপরেই রাঙাবেলিয়া ও শম্ভুনগর অঞ্চলে বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ উঠল। শাসক দলের নেতা রাজা গাজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রাজা।
গোসাবায় শক্তি বাড়াচ্ছে বিজেপি
সম্প্রতি বিজেপি রাজ্য দফতরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিজেপি-র পতাকা নিয়ে দলে যোগদান করেন গোসাবার তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মন্ডল, শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান চিত্ত পরামানিক, আমতলী উপপ্রধান রঞ্জন মন্ডল,গোসাবা অঞ্চল সভাপতি বিকাশ নস্কর-সহ একঝাঁক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপি-তে যোগদান করেন। এরপর থেকেই গোসাবায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিজেপি কর্মীদের মারধর করা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


