দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৬ বছরের তরুণীর দেহ। উত্তর ২৪ পরগনার বরাহনগরের লেকপল্লি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। প্রাথমিক তদন্তে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৬ বছরের তরুণীর দেহ। উত্তর ২৪ পরগনার বরাহনগরের লেকপল্লি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। প্রাথমিক তদন্তে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃত তরুণীর নাম অঞ্জলি সাউ। তিনি ডানলপের বাসিন্দা বলে জানা গিয়েছে। বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় তাঁর দিদি ও জামাইবাবুর একটি ফ্ল্যাট রয়েছে। প্রায় চার বছর ধরে তাঁরা ওই ফ্ল্যাটে থাকলেও বর্তমানে ব্যবসার কাজে হুগলির শ্রীরামপুরে থাকেন।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেল থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন অঞ্জলির দিদি। ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া না মেলায় বরানগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে তরুণীর দেহ উদ্ধার করে। পরে দেহটি বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শরীরে আঘাতের চিহ্ন, খুনের সন্দেহ

পুলিশের একটি সূত্রের দাবি, তরুণীর দেহ বিছনায় পড়ে ছিল। শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। ফলে মৃত্যুর পিছনে খুনের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। ওই আবাসন এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে ফ্ল্যাটে কারা যাতায়াত করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

জনবহুল এলাকায় বহুতলের ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঠিক কীভাবে মৃত্যু হল অঞ্জলির? এর পিছনে কি কোনও পরিচিত ব্যক্তি জড়িত? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।