ভারতের প্রতিটি রাজ্যের যেমন রাজ্য পশু-পাখি আছে, তেমনই আছে রাজ্য মাছও। এই মাছগুলি সেই রাজ্যের সংস্কৃতি, জীবিকা ও জীববৈচিত্র্যের প্রতীক। তালিকায় রয়েছে ইলিশ থেকে মহাশোল, মাগুর থেকে পাবদা।
ভারতে মোট ২২টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব রাজ্য মাছ রয়েছে। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড (NFDB) ও ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেস (NBFGR) এই তালিকা তৈরি করেছে। এর উদ্দেশ্য হল বিপন্ন প্রজাতিগুলিকে সংরক্ষণ করা এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকাকে গুরুত্ব দেওয়া।
অনেক তর্ক-বিতর্ক ও বিশ্লেষণের পর বাঙালির আবেগ, আন্তর্জাতিক রফতানি মূল্য এবং মিষ্টি ও নোনা জলের মিলনস্থলের রূপোলি ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার 'ইলিশ' (Tenualosa ilisha) মাছকেই আনুষ্ঠানিকভাবে 'রাজ্য মাছ' (State Fish of West Bengal) হিসেবে ঘোষণা করেছেন। নদী থেকে সমুদ্রে চলাচলের অনন্য জীবনচক্র এবং বিপন্ন হতে বসা এই রূপোলি সম্পদকে বাঁচাতেই সরকারি স্তরে এই সম্মান প্রদান করা হয়েছিল।
বিভিন্ন রাজ্যের রাজ্য মাছের বিস্তারিত বর্ণনা :
১. পশ্চিমবঙ্গ: ইলিশ (Hilsa / Tenualosa ilisha) - বাঙালির রুপোলি শস্য পশ্চিমবঙ্গের রাজ্য মাছ হল ইলিশ। বাঙালির কাছে এটি শুধু মাছ নয়, আবেগ। বাংলাদেশের জাতীয় মাছও ইলিশ। পশ্চিমবঙ্গে ইলিশকে আনুষ্ঠানিক ভাবে রাজ্য মাছের মর্যাদা দেওয়া হয় ২০১২ সালের দিকে রাজ্য সরকারের প্রতীক ঘোষণার সময়। তবে এর সংরক্ষণের জন্য বড় পদক্ষেপ নেওয়া হয় ২০১৩ সালে, যখন রাজ্যের হুগলি, মাতলা, রায়মঙ্গল ও ঠাকুরান নদীতে ৫টি ইলিশ অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং ২৩ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। জানেন ইলিশের বিজ্ঞানসম্মত নাম কি? সেটি হলো Tenualosa ilisha।
২. গুজরাত: ঘোল মাছ (Blackspotted Croaker) গুজরাতের রাজ্য মাছ ঘোল। এটি সামুদ্রিক মাছ এবং এর পটকা বা এয়ার ব্লাডারের দাম আন্তর্জাতিক বাজারে লাখ টাকার ওপরে।
৩. সিকিম: কাটলি (Katley / Neolissochilus hexagonolepis) পাহাড়ি নদীর সুস্বাদু মাছ। সিকিমে একে কাটলি বলা হয়। এটি মহাশোল প্রজাতিরই একটি ভাগ।
৪. অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা: ডোরাকাটা শোল বা স্ট্রাইপড মুড়েল (Channa striata) স্থানীয় ভাষায় যাকে কোরামিনু বলে। দুই রাজ্য ভাগ হলেও রাজ্য মাছ একই রয়ে গেছে।
৫. অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড: গোল্ডেন মহাশোল (Golden Mahseer / Tor putitora) হিমালয়ের নদীগুলোর রাজা বলা হয় একে। 'টাইগার অফ দ্য রিভার' নামে পরিচিত। চারটি পাহাড়ি রাজ্যেরই রাজ্য মাছ এটি।
৬. বিহার: মাগুর (Magur / Clarias batrachus) কাদা জলে বেঁচে থাকা এই মাছটি বিহারের গ্রামীণ পুষ্টির বড় উৎস।
৭. কেরালা: কারিমিন বা পার্লস্পট (Karimeen / Etroplus suratensis) কেরালার বিখ্যাত ব্যাকওয়াটারের মাছ। কেরালায় কারিমিন পোলিচাতু খুব জনপ্রিয় পদ।
৮. কর্নাটক: কার্নাটিক কার্প (Carnatic Carp / Barbodes carnaticus) এই মাছটি পশ্চিমঘাটের নদীতে পাওয়া যায়। এখানকার খুবই জনপ্রিয় মাছ।
৯. মণিপুর: পেংবা (Pengba / Osteobrama belangeri) মণিপুরের লোকতাক লেকের বিখ্যাত মাছ। একসময় বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল, এখন এটির চাষ হচ্ছে।
১০. ত্রিপুরা: পাবদা (Indian Butter Catfish / Ompok bimaculatus) নরম ও সুস্বাদু এই মাছটি ত্রিপুরার রাজ্য মাছ। পাবদা মাছটি বাংলায়ও বেশ জনপ্রিয় মাছ। পাবদার ঝাল, পাবদার ঝোল, সরষে পোস্ত পাবদা খেতে খুবই সুস্বাদু।
১১. উত্তরপ্রদেশ: চিতল (Chital / Chitala chitala) পিঠে ছোপ ছোপ দাগের জন্য এর নাম চিতল। উত্তরপ্রদেশের রাজ্য মাছ। পশ্চিমবাংলায় এই চিতল মাছ দিয়ে চিতল মাছের খুব জনপ্রিয় একটি পদ রান্না করা হয় যেমন চিতল মাছের মুইঠা।
১২. ওড়িশা: মহানদী মহাশোল (Mahanadi Mahseer / Tor mahanadicus) মহানদীতে পাওয়া যায় বলেই এর নাম মহানদী মহাশোল। ওড়িশার গর্ব।
১৩. নাগাল্যান্ড: চকলেট মহাশোল (Chocolate Mahseer / Neolissochilus hexagonolepis) গায়ের রঙ চকলেটের মতো বলেই এমন নাম।
১৪. গোয়া: স্ট্রাইপড গ্রে মুলেট (Striped Grey Mullet / Mugil cephalus) গোয়ার স্থানীয় ভাষায় একে শেভটো বলে। এই মাছ গোয়ায় খুবই জনপ্রিয়।
১৫. মিজোরাম: বার্মিজ কিংফিশ (Burmese Kingfish) মিজোরামের পাহাড়ি নদীর দ্রুতগতির মাছ এটি।
রাজ্য মাছের এই বৈচিত্র্য কেবল তালিকায় সীমাবদ্ধ নয়, এটি আমাদের দেশের প্রতিটি রাজ্যের নদী ও সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখার এক অঙ্গীকার। এই রাজ্য মাছগুলি শুধু প্রতীক নয়, এগুলি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বিশেষ করে ইলিশের মতো মাছ, যা আজ অতিরিক্ত আহরণ ও দূষণের জন্য সংকটে।
