Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলে (Domkal) তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যে চিকিৎসা কেন্দ্রে এই শিশুর মৃত্যু হয়েছে, সেখানে বিক্ষোভ দেখিয়েছেন পরিজনরা।

DID YOU
KNOW
?
বেসরকারি চিকিৎসা কেন্দ্র
সরকারি হাসপাতালের পরিবর্তে টাকা দিয়ে বেসরকারি হাসপাতালে গিয়েও শিশুর চিকিৎসা হল না।

Child Death: সরকারি হাসপাতালের বদলে শিশুকে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার খেসারত দিতে হল প্রাণ দিয়ে। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal) চিকিৎসার গাফিলতিতে চার মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেনবো ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক নামে এই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের সামনেই রয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু সেখানে না গিয়ে চিকিৎসক হুমায়ুন কবীরের উপর ভরসা রেখেছিলেন তাঁরা। কিন্তু বেসরকারি চিকিৎসা কেন্দ্রে টাকা দিয়েও শেষরক্ষা হল না। শিশুটির প্রাণরক্ষা করা সম্ভব হল না। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সঠিক বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শিশুর পরিবারের কী অভিযোগ?

মৃত শিশুর পরিবারের অভিযোগ, ডোমকলের নওদাপাড়া অঞ্চলের বাসিন্দা চার মাসের ওই শিশুকে বুধবার সকাল ১১টা নাগাদ বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়া সত্ত্বেও দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে লাইনে বসিয়ে রাখা হয়। একাধিকবার অনুরোধ জানানো হলেও চিকিৎসকের কর্মচারীরা শিশুটিকে আগে দেখানোর অনুমতি দেননি। দুপুর গড়িয়ে গেলেও, লাইনের সুযোগ না পাওয়াতেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের আরও অভিযোগ, গুরুতর অসুস্থতার কথা জানানো সত্ত্বেও কোনওরকম ছাড় দেওয়া হয়নি। অথচ একই সময়ে পরিচিতির সুবাদে অন্য বহু রোগীকে ভিতরে যেতে-আসতে দেওয়া হচ্ছিল।

টাকা দিয়েও চিকিৎসা অমিল!

এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, যেখানে টাকা দিয়ে রোগী দেখানো হচ্ছে, সেখানে এত ভিড় কীভাবে ছিল যে কয়েক ঘণ্টা ধরে একটি গুরুতর অসুস্থ শিশুও লাইনের সুযোগ পেল না? যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁর দাবি, শিশুটির শারীরিক অবস্থা আগেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।