Durga Puja Bonus: সামনেই শারদোৎসব। তার আগেই খুশির হাওয়া জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স সহ উত্তরবঙ্গের চা বাগানগুলিতে। কারণ, বদলের বাংলায় পুজোর মুখে বোনাসেও বড় বদল। এবার চা শ্রমিকদের বোনাস নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Durga Puja Bonus: সরকার বদল হতেই বদলাল নিয়ম! আন্দোলনের আগেই ২০ শতাংশ বোনাস ঘোষণা, পুজোর মুখে খুশির হাওয়া চা বাগানে। পুজোর আগে বোনাসের দাবিতে আন্দোলন, গেট মিটিং কিংবা রাস্তা অবরোধ—ডুয়ার্সের চা বাগানগুলিতে এমন ছবি প্রতি বছরই দেখা যেত। কিন্তু এবার যেন সেই চেনা ছবিতে বদল এসেছে। আন্দোলনে নামার আগেই চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা হওয়ায় পুজোর মুখে খুশির হাওয়া বইছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন চা বাগানে।

চা কর্মীদের বোনাস দেওয়া নিয়ে কী বলল রাজ্য সরকার?

প্রতি বছর পুজোর আগে বোনাসের দাবিতে চা শ্রমিকদের আন্দোলনে নামতে হতো। কোথাও গেট মিটিং, কোথাও বিক্ষোভ, আবার কোথাও রাস্তা অবরোধ করে দাবি জানাতেন শ্রমিকরা। এমনকী, বোনাস ঘোষণা হওয়ার পরেও অনেক ক্ষেত্রে মালিকপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠত। সরকারের তরফে বোনাস ঘোষণা নিয়েও বিভিন্ন সময় নানা জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।

তবে এবার পরিস্থিতি বদলেছে। পুজোর বেশ কিছুটা আগেই ২০ শতাংশ বোনাস ঘোষণায় স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে। জলপাইগুড়ি জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ৯০টি চা বাগান রয়েছে। সেই সমস্ত বাগানের শ্রমিকদের কাছে পুজোর বোনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বছরের এই সময়ে বোনাসের টাকাতেই অনেক পরিবারে পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঘর মেরামত—বিভিন্ন প্রয়োজন মেটানো হয়।

চা শ্রমিকদের কথায়, বোনাসের টাকা হাতে এলে সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়ার পাশাপাশি নিজেদের জন্যও নতুন জামাকাপড় কেনা সম্ভব হবে। পুজোর কয়েকটি দিন পরিবারের জন্য ভালো-মন্দ খাবারের ব্যবস্থাও করতে পারবেন তাঁরা। অনেকের বাড়িতে দীর্ঘদিন ধরে মেরামতের প্রয়োজন থাকলেও আর্থিক সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। বোনাসের টাকা পেলে পুজোর আগে সেই কাজও সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের।

চা শ্রমিকরা জানান, পুজোর আগে বোনাসের জন্য আন্দোলন করতে হবে কি না, তা নিয়ে প্রতি বছরই একটা দুশ্চিন্তা থাকত। এবার সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে। আন্দোলনে নামার আগেই বোনাস ঘোষণা হওয়ায় তাঁরা খুশি। একইসঙ্গে নতুন সরকারের এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

সব মিলিয়ে, পুজোর আগেই ২০ শতাংশ বোনাস ঘোষণা চা শ্রমিকদের কাছে যেন বাড়তি পাওনা। বোনাসের টাকায় নতুন পোশাক, পুজোর কেনাকাটা, ভালো-মন্দ খাওয়া আর ঘরদোর মেরামতের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ডুয়ার্সের চা বাগানগুলিতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।