Hemant Soren to Campaign for TMC: বঙ্গ ভোট বসন্তে এবার হেমন্তর আগমন। ইউপি-র যোগী আদিত্যনাথ থেকে অসমের হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মোহন যাদব, ওডিশার মোহন চরণ মাঝি, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।
Hemant Soren to Campaign for TMC: বঙ্গ ভোট বসন্তে এবার হেমন্তর আগমন। ইউপি-র যোগী আদিত্যনাথ থেকে অসমের হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মোহন যাদব, ওডিশার মোহন চরণ মাঝি, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়-কে হারাতে জনসভা, রোড শো করছেন। বঙ্গ ভোটের ময়দানে বিজেপি প্রার্থীদের জেতাতে পথে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মত হাইপ্রোফাইল ব্যক্তিরাও। সঙ্গে কঙ্গনা রানওয়াত, রবি কিষাণ, মনোজ তিওয়ারির মত তারকা সাংসদরাও বঙ্গ বিজেপির পালে হাওয়া দিতে নেমে পড়েছেন। বিজেপির এই হাইপ্রোফাইল প্রচারে কোণঠাসা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে।এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নামছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
কোথায় কোথায় সভা করবেন হেমন্ত সোরেন
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা মুখ্যমন্ত্রী হেমন্তকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের তফসিলি অধ্যুষিত আসনগুলিতে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা যাবে। আগামিকাল, শনিবার থেকে সোমবার পর্যন্ত এইসব জেলাগুলিতে বেশ কয়েকটি জনসভা করে তৃণমূলকে জেতানোর কথা বলবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন।আগে এইসব অঞ্চলগুলিতে প্রার্থী দিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়গ্রাম, পুরুলিয়ার কতগুলো আসনে ভাল ভোটও পেত শিবু সোরেনের দল। কিন্তু এবার বিধানসভা ভোটে তৃণমূলকে সরাসরি সমর্থনের পাশাপাশি প্রচারও করছে JMM। জঙ্গলমহলের কিছু আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এখনও সংগঠন রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা ভোটের সময় হেমন্তকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন মমতা। লোকসভা ভোটের আগে হেমন্তের গ্রেফতারির সময়ও মমতাকে তাঁর পাশে থাকতে দেখা গিয়েছিল।
অখিলেশ, কেজরিওয়াল মমতাকে সমর্থন জানিয়েছেন
বঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে তাঁরা কেউ বঙ্গে এসে তৃণমূলকে জেতানোর জনসভা করতে আসেননি। কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলমহলে বেশ কয়েকটি আসনে জেএমএম-এর ভোটব্য়াঙ্কের কথা মাথায় রেখে হেমন্ত সোরেন-কে প্রচারে ব্যবহার করতে নামল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বহিরাগত'কটাক্ষ নিয়ে বিজেপি এবার পাল্টা দাবি করছে, হেমন্ত কি তাহলে বাংলার লোক?


