Hingalganj: তৃণমূল নেতার বন্ধ ঘরে অস্ত্রের পাহাড়? তালা ভাঙা নিয়ে পুলিশ-রেখা পাত্রের তীব্র বচসা!

Hingalganj: হেমনগরে তৃণমূল নেতার রহস্যময় ঘরের তালা ভাঙতে পারল না পুলিশ ও জনতা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে তুলোধোনা রেখা পাত্রের। আগামীকাল সকালে কি খুলবে এই বন্ধ ঘরের দরজা?

Share this Video

Hingalganj: হিঙ্গলগঞ্জে চরম উত্তেজনা: তৃণমূল নেতার বেআইনি বাড়ি ঘিরে অস্ত্র মজুতের অভিযোগ, আসরে রেখা পাত্র

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর বাজার এলাকায় এক তৃণমূল নেতার বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। খাস জমিতে তৈরি ওই বাড়ির একটি বন্ধ ঘরে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, হেমনগর বাজার এলাকায় সরকারি খাস জায়গা দখল করে একটি দোতলা বিল্ডিং তৈরি করার অভিযোগ ওঠে এলাকার তৃণমূল নেতা দেবব্রত বৈদ্য ওরফে বাবু বৈদ্যর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপি জয়ী হতেই ওই তৃণমূল নেতা এলাকাছাড়া হন এবং বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, ওই বাড়ির একটি ঘরে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত রাখা আছে, যা দিয়ে আগে এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানো হতো।

বুধবার গ্রামবাসীদের এই অভিযোগের ভিত্তিতে হেমনগর থানার পুলিশকে সাথে নিয়ে ওই বাড়ির নিচের তলার ঘরের শাটার ও তালা ভাঙতে যান স্থানীয় বাসিন্দারা। তবে দীর্ঘ চেষ্টার পরেও তালা ভাঙা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র এবং হাসনাবাদের এসডিপিও (SDPO)।

সেখানেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়ক রেখা পাত্র দাবি করেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সত্য সামনে আনার জন্য ওই মুহূর্তেই ঘরের তালা ভেঙে তল্লাশি চালাতে হবে। কিন্তু আইনি জটিলতা ও তালা ভাঙতে না পারায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক।

উত্তেজনা বাড়ায় শেষ পর্যন্ত ব্যাকফুটে চলে যায় পুলিশ। গ্রামবাসীদের সামনে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়ে জানায় যে, আগামীকাল সকাল ১১টার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং অভিযুক্ত বাবু বৈদ্যর পরিবারের কোনো সদস্যের সামনে ওই রহস্যময় ঘরের দরজা ভেঙে তল্লাশি চালানো হবে। এই আশ্বাসের পর পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও গোটা হেমনগর বাজার এলাকায় পুলিশি টহল জারি রয়েছে। আগামীকাল সকালে ওই বন্ধ ঘর থেকে আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয় কিনা, সেদিকেই নজর রাখছেন এলাকার মানুষ।

Related Video