দুর্গাপুজোর আগে যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো দুটি নতুন টিকিট পরিষেবা চালু করেছে। এখন থেকে স্টেশনে থাকা QR কোড স্ক্যান করে বা Paytm অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট কাটা যাবে। এর ফলে যাত্রীদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং মূল্যবান সময় বাঁচবে।
দুর্গাপুজো আগে যাত্রীদের সুবিধার্থে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে দুটি নতুন পরিষেবা চালু করল কলকাতা মেট্রো রেল। বুধবার ১৪ অক্টোবর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এই পরিষেবার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেন ম্যানেজার। উপস্থিত ছিলেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা।
নতুন ব্যবস্থায় স্টেশনে লাগোয়া QR কোড স্ক্যান করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করার দরকার নেই।
প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার- সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে।
QR কোডের মাধ্যমে টাকা কাটার পাশাপাশি আরও নতুন পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো। এবার থেকে আমার কলকাতা মেট্রো অ্যাপের পাশাপাশি Paytm অ্যাপ ব্যবহার করেও গন্তব্য অনুসারে মেট্রোর টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
এই প্রসঙ্গে মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত জানান, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে না দাঁড়িয়েউ দ্রুত ও সহজে টিকিট কাটতে পারবেন। ফলে যাত্রীদের মূল্যবান সময় সাশ্রয় হবে।
এদিকে আবার ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত একাধিক মেট্রো লাইনে রাতভর পরিষেবা চালু থাকবে। ব্লু লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট ১৯২টি মেট্রো চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন রাত ৩টে ৫৯ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। আট মিনিট অন্তর মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ পর্যন্ত মোট ৭২টি মেট্রো চলবে। তেমনই ১৫ এবং ১৬ অক্টোবর জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচ সরাসরি মেট্রো চলবে। পার্পল লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৩৮টি পরিষেবা চলবে।








