- Home
- West Bengal
- Puja Weather: বিহারের ঘূর্ণাবর্তে বাংলায় বৃষ্টি হবে? বর্ষা বিদায়ের ঘণ্টা বাজলেও দুর্গা পুজোর আবহাওয়া নিয়ে ধোঁয়াশা
Puja Weather: বিহারের ঘূর্ণাবর্তে বাংলায় বৃষ্টি হবে? বর্ষা বিদায়ের ঘণ্টা বাজলেও দুর্গা পুজোর আবহাওয়া নিয়ে ধোঁয়াশা
Puja Weather: পুজোর আগে কলকাতা ও পশ্চিমবঙ্গে কি বৃষ্টির সম্ভাবনা আছে? ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বিদায় নিতে পারে বর্ষা। কেমন থাকবে মহালয়া ও পুজোর আবহাওয়া, জানাল হাওয়া অফিস। বিস্তারিত পড়ুন।

পুজোর মুখে কি ফের ভাসবে বাংলা?
মহালয়ার আগে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বড় কোনও দুর্যোগের ইঙ্গিত নেই। অক্টোবরের মাঝামাঝি বিদায় নেবে বর্ষা। এবার পুজো দেরিতে হওয়ায় পুজোর দিনগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেও মনে করেছে আবহাওয়া বিজ্ঞানীরা।

তিন রাজ্যে ঘূর্ণাবর্ত
বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ ও অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নতুন করে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ কেমন থাকবে কলকাতা
শনিবার বেলা বাড়লে শহরে মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩-৮৮%।
দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টি
উপকূল ও সংলগ্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত স্বস্তি
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হচ্ছে না।
অস্বস্তি বাড়াবে আর্দ্রতা
বৃষ্টি কম হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। ভোর রাত থেকে সকালের দিকে শীতের অনুভব হতে পারে। তবে দুপুর বেলায় গরম বাড়বে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমতে পারে।
কবে বিদায় নেবে বর্ষা
হাওয়া অফিস জানিয়েছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হতে পারে। সাধারণত ১০ অক্টোবরের আশেপাশেই এই প্রক্রিয়া শুরু হয়।
দুই সপ্তাহের আউটলুক
আবহাওয়া দপ্তরের ১৫ অক্টোবর পর্যন্ত আউটলুকে বলা হয়েছে, ৮ থেকে ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলীয় জেলায় কোনও কোনও দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ, দুই অংশেই বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা।
পুজোর আবহাওয়া নিয়ে এখনও ধোঁয়াশা
মহালয়া ১০ অক্টোবর। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের এক আধিকারিক। বর্ষা বিদায়ের লক্ষণ হিসেবে সাধারণত টানা তিন-চার দিন বৃষ্টিহীন আবহাওয়া, বাতাসে জলীয়বাষ্প কমা এবং উত্তর ভারতের দিক থেকে হাওয়া ঢোকাকে ধরা হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

