Crime News: টেলিভিশন অভিনেতার বাড়িতে কাজ করতে গিয়ে শরীরিক অত্যাচারের শিকার পরিচারিকা। হেনস্থার অভিযোগ টলিউড অভিনেতার বিরুদ্ধে। ঠিক কী কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Crime News: পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগ। শহর কলকাতার বুকে এক গৃহপরিচারিকার ওপর নির্মম, অমানুষিক এবং মধ্যযুগীয় অত্যাচারের অভিযোগ উঠল টলিউড অভিনেতার বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে টেলি দুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 ঘটনাটি ঘটেছে গত ২৭ মে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার সোদপুর জোড়াপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা তথা টিভি সিরিয়াল অভিনেতা সম্রাট মুখার্জীর বাড়িতে। স্থানীয় সূত্রে এবং অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, ওই বাড়িতে বিগত এক মাস ধরে পরিচারিকার কাজ করছিলেন এক মহিলা। অভিযোগ, ওনাদের বাড়িতে যখনি কোনও জিনিসপত্র হারিয়ে যেত, তখনি সন্দেহের তির যেত ওই পরিচারিকা মহিলার দিকে। 

ঠিক কী অভিযোগ উঠেছে?

অভিযোগ, নিজেদের জিনিস নিজেরা কোথায় রাখতেন তা খুঁজে না পেয়ে, বারবার উল্টোপাল্টা কথা শোনানো হতো ওই গৃহপরিচারিকাকে। কিন্তু পেটের দায়ে এবং সংসার বাঁচানোর তাগিদে সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে সেখানে কাজ করে যাচ্ছিলেন তিনি। কিন্তু গত ২৭ মে সমস্ত অত্যাচারের সীমা অতিক্রম করে যায়। জানা গিয়েছে, সেদিন বিকেলে ওনাদের একটি আংটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা বাড়ি খোঁজাখুঁজি করার পর এবং পুলিশে খবর দেওয়ার পরও আংটি না মেলায়, সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ওই পরিচারিকার ওপর। অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে ওই মহিলাকে একটি ঘরের ভেতর আটকে রাখেন অভিনেতা সম্রাট মুখার্জী। এরপর জোরপূর্বক ওনার পরিধেয় বস্ত্র খুলিয়ে এবং ওনার ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে কোনও কিছুই উদ্ধার না হওয়ায়, অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, অভিনেতা সম্রাট মুখার্জী বাড়ির দারোয়ানকে ডেকে অ্যাসিড এবং লাঠি নিয়ে আসার নির্দেশ দেয়। দারোয়ান লাঠি এনে দিলে, সেই লাঠি দিয়ে ওই অসহায় মহিলার ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত অভিনেতা। লাঠির ঘা এবং নৃশংস আঘাতে ওই মহিলার মাথা ফেটে যায়। পরবর্তীতে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় ৫টি সেলাই দিতে হয়।

এখানেই শেষ হয়নি এই নারকীয় নির্যাতন। রক্তাক্ত অবস্থায় ওনাকে মেঝেতে ফেলে দিয়ে কানে, মাথায় বুট দিয়ে দাঁড়িয়ে থাকা হয় এবং বুকে, পিঠে, পেটে যত্রতত্র লাথি মারা হয় বলে অভিযোগ। দেওয়ালে ওনার কপাল সজোরে ঠুকে দেওয়া হয়, যার ফলে কপাল ফুলে রক্ত জমে যায়। নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলা যখন হাত দিয়ে লাঠিটি ধরার চেষ্টা করেন, তখন লাঠির প্রচণ্ড আঘাতে ওনার হাতের আঙুলগুলোতেও গুরুতর চোট লাগে এবং রক্ত জমাট বেঁধে যায়।

এই অমানুষিক এবং নারকীয় তান্ডব চালানোর পর, মুখ ও শরীর ক্ষতবিক্ষত অবস্থায় বিকেল নাগাদ ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর ওই অবস্থায় আক্রান্ত মহিলা কোনওমতে বাড়ি ফেরেন। এই চরম নৃশংস ঘটনার পর, রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিনেতার বিরুদ্ধে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।