Jadavpur University Grafiti: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর জোর কদমে চলছে দেওয়াল লিখন মুছে ফেলার কাজ। শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি মোছার কাজ। কী বলছে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Jadavpur University Grafiti: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিতর্কিত দেওয়াল লিখনে সাদা চুনকাম পড়ল। মুছল বিতর্কিত লেখা। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি ঘিরে শুরু হল কর্তৃপক্ষের পদক্ষেপ। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা দেশবিরোধী ও আপত্তিকর স্লোগান এবং দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে । বিতর্কিত লেখাগুলির উপর সাদা চুনকাম করে দেওয়া হয়েছে।

কী লেখা হয়েছিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে? 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষেণজি লেখা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা একাধিক গ্রাফিতি ও স্লোগান নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে আয়োজিত বন্দে মাতরম্ কর্মসূচির মঞ্চ থেকে বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে বন্দে মাতরম্ গাওয়ার অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন দেওয়াল লিখন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জাতীয়তাবাদ প্রতিষ্ঠার পাশাপাশি বিতর্কিত স্লোগানের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য উচ্চশিক্ষা দফতর বিষয়টি দেখছে এবং তিনিও বিষয়টির উপর নজর রাখছেন। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও ঠিক কোন কোন দেওয়াল লিখন বা গ্রাফিতি কর্তৃপক্ষের নির্দেশে মুছে ফেলা হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।