- Home
- West Bengal
- Kolkata
- Banerjee Vs Banerjee: মমতার পরিবারে ভাঙন! ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় ৭ পাতার অভিযোগ বাবুনের
Banerjee Vs Banerjee: মমতার পরিবারে ভাঙন! ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় ৭ পাতার অভিযোগ বাবুনের
Kalighat Conflict: কালীঘাটের ব্যানার্জি বাড়িতে এবার ভাঙন? ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। কী আছে সাত পাতার অভিযোগপত্রে? জানুন বিস্তারিত।

কালীঘাটের ব্যানার্জি বাড়িতে কি এবার ভাঙন?
বিধানসভা নির্বাচনের হারের পর শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতের তৈরি দল তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু বিধানসভা নির্বাচনের হারের ধাক্কা শুধু তাঁর দলের মধ্যেই সীমাবদ্ধ নেই। আঁচ পড়েছে মমতার পারিবারিক জীবনেও। কালীঘাটের বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ভাঙনের আঁচ পড়তে শুরু করেছে। এখন প্রশ্ন উঠেছে এবার কি তাহলে বিজেপির আমলে মমতার বাড়ির অন্দরেও ফাটল ধরতে শুরু করবে?

ভাইপোর বিরুদ্ধে থানায় কাকা
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মমতার ছোটভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। একে অপরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার এমন ঘটনা মমতার পরিবারে নজিরবিহীন, বলছে রাজনৈতিক মহল।
সাত পাতার অভিযোগপত্রে কী আছে?
বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার মত গুরুতর অভিযোগ ভাইপোর বিরুদ্ধে এনেছেন কাকা। সাত পাতার অভিযোগপত্রে ছত্রে ছত্রে বাবুনের অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে।
ভিডিয়োবার্তা ও আদালত অবমাননার নোটিস
অভিযোগ, গত ৭ নভেম্বর ফেসবুকে ভিডিয়োবার্তায় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন অভিষেক। ১৭ নভেম্বর হাই কোর্ট তাঁকে আদালত অবমাননার রুল বা শো কজ় নোটিস দেয়। বাবুনের দাবি, নোটিসের পরেও অভিষেক দমেননি। বিচারব্যবস্থাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আক্রমণ করেছেন তিনি।
ইউএপিএ-তে তদন্তের আর্জি
বিচারকদের ভয় দেখানো, সরকারি কাজে বাধা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ, ১৯৬৭)-এ তদন্তের আর্জি জানানো হয়েছে। বারবার এমন মন্তব্যে বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি জনসাধারণের অনাস্থা তৈরি হচ্ছে, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, দাবি বাবুনের। চিকিৎসার অজুহাতে অভিষেকের ঘনঘন বিদেশযাত্রার পিছনে কোনও চক্রান্ত বা অর্থের জোগান আছে কি না, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছে।
কালীপুজোতেই টের পাওয়া গিয়েছিল ফাটল
এবার মমতার বাড়ির কালীপুজোয় দেখা যায়নি বাবুনদের। দেখা যায়নি আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কেও। উল্টে মমতার পাড়ায় বাবুনের নিজের পুজোয় হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইফোঁটার আগে ঘোষণা করেন, দিদির কাছে ফোঁটা নেবেন না।
সম্পর্ক তেতো বহুদিন ধরেই
২০২৪ সালের লোকসভা ভোটে হাওড়া থেকে প্রার্থী হতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুন। তখন তাঁকে ত্যাজ্য ঘোষণা করেন মমতা। যদিও সেই সমস্যার বিবাদ সেই বছরই ভাইফোঁটায় মিটমাট হয়। ২০২৫ সালে বাবুনের একমাত্র মেয়ে অগ্নিশার বিয়েতে যাননি পরিবারের কোনও সদস্য। এ বছর মে মাসে বিধানসভা ভোটের হারের পর ‘ভাইপো প্রীতি’-র অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বাবুন।
‘কার্যত মমতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা’, মত একাংশের
রাজনৈতিক মহলের একাংশের মতে, সরাসরি ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করে কার্যত মমতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করলেন বাবুন। মমতা তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাবুন কতটা মমতা ও অভিষেক-বিরোধী তা প্রমাণ করতেই এসব করেছেন, এটা নিম্নমানের রাজনীতি। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

