Suvendu Adhikari: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে এ যেন কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গবাসীকে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক আর্থিক প্রকল্প নিয়ে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu Adhikari: ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই উপলক্ষে আজ যেন বাংলায় অকাল দীপাবলি। গঙ্গার তীরে লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি আজ অন্নপূর্ণা দিবস পালনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই উপলক্ষে এদিন অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে জনকল্যাণ ও নারী সুরক্ষায় কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

মুখ্যমন্ত্রী বলেন যে, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীর গ্যারান্টিযুক্ত অন্নপূর্ণা যোজনা আজ রাজ্যের বড় সংখ্যক মহিলার মুখে হাসি ফুটিয়েছে। শুধু সভাস্থলেই ৬০০০০ এর বেশি মহিলা উপস্থিত ছিলেন পাশাপাশি রাজ্যের প্রায় ৫০০টি স্থান থেকে লক্ষাধিক মানুষ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। তিনি জানান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

নারী নির্যাতন রোধে বিশেষ কমিশন ও আর্থিক সহায়তা

নারীদের ওপর যেকোনো ধরণের অত্যাচার রুখতে বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান যে এই চার মাসে মা বোনদের সুরক্ষার জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং আইপিএস অফিসার দময়ন্তী সেনকে এর দায়িত্বে রাখা হয়েছে।

তিনি আরও জানান যে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকিদের অ্যাকাউন্টেও দ্রুত এই অর্থ স্থানান্তরিত করা হচ্ছে। এছাড়া

* বেতন বৃদ্ধি: আইসিডিএস ও আশা কর্মীদের বেতন আগস্ট মাস থেকে ৫০০০ টাকা এবং প্রাণী মিত্রাদের বেতন ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের পুষ্টির কথা মাথায় রেখে আইসিডিএস সেন্টারে খাবারের বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে।

* কন্যাদের জন্য সহায়তা: গত ১৪ আগস্ট কন্যাসন্তান দিবস উপলক্ষ্যে ২০ লক্ষ ১৩ হাজার কন্যার পড়াশোনার জন্য ১০০০ টাকা করে দেওয়া হয়েছে যা আগামী ২০২৭ সালে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য প্রথম ও দ্বিতীয় বর্ষে ১৭০০০ টাকা এবং তৃতীয় বর্ষে ১৬০০০ টাকা অর্থাৎ মোট ৫০০০০ টাকা প্রদানের নতুন কর্মসূচি আগামী ২৭ জানুয়ারি থেকে চালু হবে।

* আবাস যোজনা ও পেনশন: প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত নতুন বাড়ির মালিকানা ও এগ্রিমেন্ট সরাসরি মহিলাদের নামেই করা হবে। পাশাপাশি ৬০ বছর বা তার বেশি বয়সের স্বামীহীন মহিলাদের জন্য মাসিক পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

Scroll to load tweet…

নেশামুক্ত সমাজ ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কয়েকটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে কঠোর বার্তা দেন:

* নেশামুক্ত পশ্চিমবঙ্গ: রাজ্যকে সম্পূর্ণ নেশামুক্ত করতে সমস্ত বেআইনি নেশা কেন্দ্রগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং এর জন্য মা-বোনদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

* বাল্যবিবাহ প্রতিরোধ: রাজ্যে কম বয়সে বিয়ে এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সন্তান প্রসবের মতো মারাত্মক প্রবণতার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন যে এই সরকারের আমলে ১৮ বছরের কম বয়সে কোনো মেয়ের বিয়ে হতে দেওয়া হবে না। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবেন সে কাসিম হোন কিংবা পুরোহিত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের সরাসরি জেলে যেতে হবে।

বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে বর্তমান সরকার কেবল কিছু ভাতা দেওয়ার জন্য ক্ষমতায় আসেনি বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা সমস্ত কুসংস্কার ও অপরাধ দূর করে রাজ্যে প্রকৃত সংস্কার আনতে বদ্ধপরিকর। প্রতিটি কন্যা ও বোনের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।