Malda News: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিশুদের চিকিৎসা, হাসপাতালগুলিতে পরিকাঠামোর অভাব নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যে সরকার বদল হলেও, এখনও অবস্থা বদলায়নি। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রকট হয়ে গেল।
KNOW
Malda Medical College and Hospital: একই দিনে ১০টি নবজাতকের মৃত্যু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই খবর পেয়েই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটেছে৷। এক দিনে ১০ নবজাতকের মৃত্যুর কথা মেনে নিয়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও। চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনার দিন যে ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে আটজনকে বাইরে থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ ওই আট জন শিশুর মধ্যে কারও জন্ম হয়েছিল অন্য কোনও সরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমে। শ্বাসকষ্ট, জন্ডিস কিংবা হার্টের সমস্যার কারণে এই শিশুগুলির মৃত্যু হয়েছে।
নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন
এই ঘটনা প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর বলেছেন, ‘সম্প্রতি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একদিনে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। তবে ওই ১০ জন শিশুর মধ্যে মাত্র দু'জন শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে এখানে রেফার করা হয়েছিল। এ নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।’
চিকিৎসার গাফিলতি ছিল?
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একসঙ্গে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের পরিকাঠামোর ক্ষেত্রে কোনও সমস্যা বা ত্রুটি আছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। একই দিনে এক হাসপাতালে এতজন শিশুর মৃত্যু মোটেই স্বাভাবিক ঘটনা নয়। এই কারণেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। মালদার ঘটনায় নবজাতকদের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। সবাই এই ঘটনা খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


